সড়ক দুর্ঘটনায় নিহত হুমায়রা জিপিএ-৫ পেয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবিষ্যতে চিকিৎসক হয়ে সাধারণ মানুষের চিকিৎসাসেবা দেওয়ার স্বপ্ন ছিল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার হুমায়রা পারভীনের (১৮)। এসএসসির মতো তিনি এবারের এইচএসসি পরীক্ষায়ও সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন। কিন্তু নিজের ফলাফল দেখে যেতে পারেননি। গত ২২ জুন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অকালে মৃত্যু হয় তাঁর।
কালীগঞ্জের তালানি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বলেন, তাঁর ইউনিয়নের কাকশিয়ালী গ্রামের মৎস্য ব্যবসায়ী আবদুল মান্নানের মেয়ে হুমায়রা পারভীন পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন। এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছিলেন। এবার কালীগঞ্জ কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দেন।
আবদুল মান্নান বলেন, হুয়ায়রার ইচ্ছার পাশাপাশি তাঁদেরও স্বপ্ন ছিল মেয়েকে এমবিবিএস পড়িয়ে চিকিৎসক বানাবেন। সেই উদ্দেশ্য পূরণের জন্য এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর মেয়েকে খুলনায় কোচিং করাতে পাঠিয়েছিলেন। ২২ জুন বিকেলে খুলনা শহরে অসাবধানতাবশত চলন্ত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে যায় হুমায়রার। ইজিবাইক থেকে সড়কের ওপর পড়ে শ্বাসরুদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।
মান্নান বলেন, ‘গত বুধবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর দেখা যায়, হুমায়রা সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। কিন্তু ও নেই।’