সড়ক দুর্ঘটনায় নিহত ১, সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর ও জেলায় গতকাল সোমবার তিনটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে রুপম বড়ুয়া (৪০) নামের এক হোটেল ব্যবসায়ী নিহত ও আহত হয়েছেন তিনজন।
এ ছাড়া নগরের আকবর শাহ থানার নিউ মনসুরাবাদ এলাকায় সিঁড়ি থেকে পড়ে সেতু আক্তার (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, গতকাল দুপুরে হাটহাজারীর ভাঙারপুল এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত মোটরসাইকেলচালক রুপমকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রুপম বড়ুয়া মিরসরাই উপজেলার চন্দনা গ্রামের পণ্ডিতবাড়ির মৃত প্রফুল্ল বড়ুয়ার ছেলে।
এদিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন মো. আবুল হোসেন (৬৫)। এ ছাড়া রাঙ্গুনিয়া উপজেলার পোমরা এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশার দুই যাত্রী মোহাম্মদ আরমান (১৬) ও মো. শাহনূর গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।