সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুই বাসযাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত একজনের নাম আইয়ুব আলী (৩৫)। অপরজনের পরিচয় জানা যায়নি। এদিকে দিনাজপুরের পার্বতীপুরে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন প্রাইভেট কারের চালক আনোয়ার হোসেন (২৭)। গতকাল বুধবার এ দুর্ঘটনা দুটি ঘটে।
ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় গতকাল সকাল নয়টায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কুমিল্লা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বাসটির সঙ্গে মালবাহী ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পঞ্চগড়ের বেংগুপাড়া গ্রামের আইয়ুব আলী (৩৫) ঘটনাস্থলেই মারা যান। তিনি স্ত্রী-সন্তানসহ বাসে ছিলেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত আরও পাঁচ বাসযাত্রীকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নেন। সেখানে আরেক বাসযাত্রী মারা যান। তবে তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ট্রাকটি পালিয়ে গেছে বলে জানান তিনি।
পার্বতীপুর-রংপুর সড়কের তুলসীপুকুরে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে প্রাইভেট কারের চালক আনোয়ার প্রাণ হারান। তাঁর বাড়ি রংপুর শহরের খলিফাটারীর মহল্লায়।
পুলিশ জানায়, গতকাল ভোরে রংপুর থেকে যাত্রী নিয়ে প্রাইভেটকারটি পার্বতীপুর আসছিল। সকাল সাড়ে সাতটার দিকে তুলসীপুকুরে প্রাইভেট কারটির সঙ্গে রংপুরগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আনোয়ার মারা যান। পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।