সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন৷ এ ছাড়া লক্ষ্মীপুরে গত শুক্রবার একটি যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে দুজন নিহত ও ছয়জন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও দাউদকান্দি হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা সোয়া ১১টার দিকে উপজেলার বারপাড়া এলাকায় রোমার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়৷ রোমার পরিবহনের বাসটি রাস্তার পাশে পড়ে যায়। প্রায় একই সময় ওই ট্রাকের সঙ্গে তিশা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়৷ প্রথম সংঘর্ষে রোমার পরিবহনের বাসের যাত্রী বগুড়া সদরের জহিরুল ইসলাম (৪৫) ঘটনাস্থলেই মারা যান৷ পরে একই বাসের গুরুতর আহত দুই যাত্রী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোচাদহ গ্রামের স্বপন মিয়া (১৭) ও একই গ্রামের ইকরামুল হক (৩৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান৷ এ ছাড়া দুটি বাসের কমপক্ষে ২৫ যাত্রী আহত হন৷ আহত ব্যক্তিদের মধ্যে ইকরাম, আবদুর রহমান ও রনিকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে৷ আহত সুমন, রেজাউল, আরিফ, সফিকুল ইসলাম, রুহুল আমীন, আকরাম হোসেন, মশিউর রহমান, খাদেমুল হক, সেকান্দরী ও মিন্টু মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে লক্ষ্মীপুর সদর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ সুতার গোপটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী লেগুনা খাদে পড়ে যায়। এতে আটজন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও বেসরকারি বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে রাতেই মো. হোসেন (৩০) ও মো. আজাদ (৩৫) মারা যান। মো. হোসেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ির ও মো. আজাদ একই উপজেলার সুতার গোপটা এলাকার বাসিন্দা।
লক্ষ্মীপুর সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুকবুল হোসেন বলেন, ‘আহত দুজন হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি।’