সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল বৃহস্পতিবার যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন৷ এর আগে বুধবার রাতে শেরপুরে অটোরিকশার চাপায় এক বৃদ্ধা প্রাণ হারান৷
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল সাড়ে চারটায় মহাসড়কের সুজাতপুর মোড়ে কুমিল্লা থেকে চট্টগ্রামগামী বিআরটিসির যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছনে থাকা একটি ট্রাক্টরও অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। ত্রিমুখী ওই সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি দুমড়ে–মুচড়ে যায়।
নিহত ব্যক্তিরা হলেন অ্যাম্বুলেন্সের চালক নোয়াখালীর সেনবাগের কাবিলাপুর গ্রামের পারভেজ হোসেন (৩৫), চালকের সহকারী ফেনীর বাড়াইপুর এলাকার জাহাঙ্গীর আলম (৩৫), আরোহী ফেনীর দাগনভূঁইয়া উপজেলার উদরাজপুর গ্রামের রহিমা খাতুন (৬০) ও আসমা আক্তার শিল্পী (৩০)।
শেরপুর-ঝিনাইগাতী সড়কে ঝিনাইগাতীর তেঁতুলতলা বাজার এলাকায় অটোরিকশার চাপায় আজেদা বেগম (৮০) নিহত হন। আজেদা শেরপুর সদর উপজেলার চরভাবনা গ্রামের মৃত ইবরাহিমের স্ত্রী। বুধবার রাতে বয়স্কভাতা তুলে বাড়ি ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন৷