সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

রাজশাহীতে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। রাজশাহীর আদালত এলাকায় গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত এএসআইয়ের নাম চঞ্চল কুমার মণ্ডল (৪০)। দুর্ঘটনার সময় তিনি রাজশাহীর আদালতে একটি মামলায় সাক্ষ্য দিতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এএসআই চঞ্চল সকাল ১০টার দিকে মোটরসাইকেলে করে রাজশাহী মহানগর পুলিশ লাইনস থেকে আদালতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে আহত হন। স্থানীয় লোকজন তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ওয়ার্ডমাস্টার মোশাররফ হোসেন বলেন, চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে চঞ্চল কুমার মারা যান।
রাজশাহী মহানগর পুলিশ লাইনে কর্মরত পুলিশ সদস্য ও চঞ্চলের চাচাতো ভাই আনন্দ কুমার বলেন, চঞ্চল ঢাকায় স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) কর্মরত ছিলেন। সেখান থেকে গতকাল সকালেই রাজশাহীতে আসেন চঞ্চল। নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হক বলেন, নিহত পুলিশ সদস্যের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চঞ্চলের বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ভান্ডারীপাড়া গ্রামে। গতকাল সন্ধ্যায় রাজশাহী থেকে তাঁর লাশ গ্রামের বাড়িতে পৌঁছায়। পাঁচ ভাই-বোনের মধ্যে চঞ্চল সবার বড়। তাঁর একমাত্র মেয়ে চৈতী মণ্ডল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
গতকাল সন্ধ্যায় তাঁর বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে চঞ্চল কুমার মণ্ডলের নিথর দেহ রাখা হয়েছে। গ্রামবাসী ও আত্মীয়স্বজনেরা লাশের পাশে ভিড় করে আছেন। বাবা কাঞ্চন মণ্ডল বিলাপ করতে করতে বলছিলেন, ‘তুই চলে গেলি, আমরা কামনে বাঁচব বাবা।’