সড়ক দুর্ঘটনায় প্রবাসীসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ইতালিপ্রবাসী মিজানুর রহমান শরীফ (৪৫) নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমান শরীফ ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রফিকউদ্দিন শরীফের ছেলে। তিনি সাত বছর ধরে ইতালিতে বসবাস করছেন। ছুটিতে কয়েক দিন আগে তিনি দেশে এসেছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বলেন, গতকাল বিকেলে মিজানুর রহমান শরীফ তাঁর সহযোগী বাবলু মাতুব্বরকে সঙ্গে নিয়ে একটি মোটরসাইকেলে করে নিজ বাড়ি ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের ব্রাহ্মণকান্দা থেকে ভাঙ্গা উপজেলা সদরে আসছিলেন। এ সময় পেছন থেকে একটি পিকআপ মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে মোটরসাইকেল চালক মিজানুর রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান।
এ দিকে খুলনা নগরের জিরো পয়েন্ট এলাকায় গতকাল শনিবার যাত্রীবাহী একটি বাস উল্টে এক নারীসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নগরের হরিণটানা থানার ওসি এস এম মিজানুর রহমান বলেন, বিকেল সোয়া পাঁচটার দিকে নগরের সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে জিরো পয়েন্টের গোলচত্বর অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।