সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও, কুড়িগ্রামের চিলমারী ও দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার তিনজন প্রাণ হারিয়েছেন। এঁদের মধ্যে দুজনই নারী। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ:
ঠাকুরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দারুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বেলা পৌনে একটার দিকে ঠাকুরগাঁও রেলস্টেশন সড়কের শুক নদীর সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। তিনি ঠাকুরগাঁও রোড ইসলাম নগর এলাকার বাসিন্দা ও পেশায় একজন পল্লি চিকিৎসক ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দারুল ইসলাম অটোরিকশাটি থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন। তখন চলতে শুরু করা অটোরিকশাটির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দারুলকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুড়িগ্রামের চিলমারীতে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক নারী মারা গেছেন। তিনি ডেমনারপাড় এলাকার মৃত নানকু লালের স্ত্রী দুলাল রানী। এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গতকাল দুপুরে উপজেলা পরিষদের গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে ট্রলিটি চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। চিলমারী থানার ওসি মজনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দিনাজপুরের পার্বতীপুর শহরের কলেজপাড়া এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার ধাক্কায় সেফালী খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের চকবোলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সেফালী খাতুন হলদীবাড়ী-নতুনবাজার রাস্তার পাশ দিয়ে হেঁটে শহরে আসার পথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটি তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহতাবস্থায় স্থানীয় হলদীবাড়ী হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে তাঁকে ল্যাম্ব হাসপাতালে স্থানান্তর করা হয়। বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।