সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে একটি দুর্ঘটনায় প্রাণ হারান কাভার্ড ভ্যানচালক মনির হোসেন (৪০) ও চালকের সহকারী ভদ্র কর্মকার (৫০)। অপর দুর্ঘটনায় নিহত হন ট্রাকচালকের সহকারী হান্নান মিয়া (২৮)।
রূপনগর থানার পুলিশ বলেছে, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রূপনগর থানার বিরুলিয়া সেতুর কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ড ভ্যানের চালক মনির হোসেন ও তাঁর সহকারী ভদ্র কর্মকার ঘটনাস্থলে নিহত হন।
ঘটনা তদন্তকারী রূপনগর থানার এসআই মনিরুজ্জামান বলেন, সংঘর্ষে কাভার্ড ভ্যান দুমড়ে-মুচড়ে গেছে। কাভার্ড ভ্যানের ভেতর থেকে চালক ও তাঁর সহকারীর লাশ উদ্ধার করা হয়। পরে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। নিহত মনিরের গ্রামের বাড়ি ঝালকাঠির সদর উপজেলায়। তাঁর বাবার নাম হানিফ শরিফ। ভদ্র কর্মকারের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ফুলহরিতে। তাঁর বাবার নাম বিজয় কর্মকার।
গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে তুরাগ থানার ধউর এলাকায় একটি ট্রাকে বালু ভর্তি করা হচ্ছিল। একপর্যায়ে ট্রাকটি পেছনের দিকে সরানোর সময় এর নিচে চাপা পড়েন ট্রাকটির চালকের সহকারী হান্নান মিয়া (২৮)।