সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমেছে ১৮ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৩ জন প্রাণ হারিয়েছেন। ২০১৪ সালে এই সংখ্যা ছিল ৬ হাজার ৫৮২ জন। এই হিসাবমতে, ২০১৪ সালের তুলনায় গত বছর সড়ক দুর্ঘটনায় প্রাণহানির হার কমেছে ১৮ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন উপস্থাপন করেন নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালের তুলনায় গত বছর সংঘটিত দুর্ঘটনা ও এসব দুর্ঘটনায় আহত হওয়ার সংখ্যাও কম। ২০১৪ সালে ২ হাজার ৭১৩টি দুর্ঘটনায় ১০ হাজার ৭৭০ জন আহত হন, গত বছর ২ হাজার ৬২৬টি দুর্ঘটনায় আহত হন ৬ হাজার ১৯৭ জন। এ হিসাবে দুর্ঘটনা কমেছে ৮৭টি। আহত হওয়ার হার কমেছে ৪২ শতাংশের বেশি।
নিসচার পর্যবেক্ষণ অনুযায়ী, গত বছরের শুরুর দিনগুলোতে হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচি থাকায় অনেক দিন রাস্তায় গাড়ি চলাচল ছিল অপেক্ষাকৃত কম।
নিসচার প্রতিবেদন অনুসারে, ২০১৫ সালে বেশির ভাগ দুর্ঘটনা ঘটেছে মহাসড়কে। এর মধ্যে ঢাকা জেলায় সর্বাধিক ৩৫৯ জনের প্রাণহানি ঘটেছে। নিহত ব্যক্তিদের মধ্যে পথচারীর সংখ্যাই বেশি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) নির্বাহী পরিচালক এ কে এম ফজলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিসচার মহাসচিব শামীম আল দীপন, ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক প্রমুখ।