সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র ও দুই নারী নিহত
রাজশাহীর তানোরে গতকাল বুধবার সকালে বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। তাঁর নাম গৌতম কুমার (২৫)। তিনি তানোরের পারিশা দুর্গাপুর গ্রামের অনিল কুমারের ছেলে।
একই দিন বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বাস ও অটোরিকশার সংঘর্ষে দুই নারী নিহত ও ছয়জন আহত হয়েছেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, গতকাল সকাল নয়টার দিকে গৌতম সাইকেলে করে রাজশাহী-চৌবাড়িয়া সড়ক দিয়ে সাধুর মোড়ের দিকে যাচ্ছিলেন। রাস্তা থেকে মোড়ে ওঠার সময় রাজশাহীগামী একটি বাস গৌতমকে চাপা দেয়। গুরুতর আহত গৌতমকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় লোকজন বাসটি আটক করে ভাঙচুর করেন। তবে এর চালক ও তাঁর সহকারী পালিয়েছেন। নিহত গৌতম রাজধানী ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘তড়িৎ কৌশল’ বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
এদিকে গতকাল বিকেল পাঁচটার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি বাস ও যাত্রীবাহী একটি অটোরিকশার সংঘর্ষে নয়ন (২৫) নামের অটোরিকশার আরোহী এক নারী যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। আহত আরও সাতজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত নয়টার দিকে রানু বেগম (৪০) নামের গুরুতর আহত আরেক নারী মারা যান। নিহত দুই নারী সম্পর্কে চাচাতো বোন। তাঁরা রাজশাহী শহরের দেবি সিংহপাড়ার বাসিন্দা ছিলেন।