সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তাসহ নিহত ৮
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও আটজন আহত হয়েছেন। গত শনিবার ও গতকাল রোববার ওই সব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পূবালী ব্যাংক সিলেটের বিয়ানীবাজারের চারখাই শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ধ্রুবজ্যোতি দাস (৪০), মৌলভীবাজারের কুলাউড়ার আদিল চৌধুরী (৩৫), সঞ্জিত দাস (৩০), গাড়িচালক প্রকৃতি রায় (৩০); বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য লিটন ব্যাপারী (৩০), সাতক্ষীরার কলারোয়ার হেলাতলা গ্রামের জামসেদ আলী (২৫), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের মো. রুবেল (২০) ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার ব্যবসায়ী মো. সুমন (২৭)।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতে সিলেট থেকে মালবোঝাই একটি মিনি ট্রাক মৌলভীবাজার যাচ্ছিল। সিলেটের মোগলাবাজার থানা এলাকায় বিপরীত দিক থেকে ব্যাংক কর্মকর্তাকে বহনকারী প্রাইভেট কারের সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই প্রাইভেট কারের যাত্রী ধ্রুবজ্যোতি দাস ও আদিল চৌধুরী নিহত হন। আহত অবস্থায় সঞ্জিত ও প্রকৃতিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল রোববার ভোরে তাঁরা মারা যান।
গৌরনদী (বরিশাল): গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ অধীর কুমার হালদার বলেন, যুবলীগ নেতা লিটন ব্যাপারী শনিবার রাতে মোটরসাইকেলে করে গৌরনদী থেকে নিজ বাড়ি খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই গ্রামে যাচ্ছিলেন। উপজেলার নীলখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। স্থানীয় লোকজন গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন। তারা ঘটনাস্থলে পৌঁছে আহত লিটনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। গৌরনদী হাইওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।
সাতক্ষীরা: প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার রাতে কলারোয়া উপজেলার চারাবটতলা এলাকায় যশোরের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নছিমনের চালক জামসেদ আলী নিহত হন। এ সময় নছিমনের যাত্রী একই উপজেলার বজ্রবক্সা গ্রামের আবুল কাশেম আহত হন। কলারোয়া থানার ওসি আবু সালেহ মাসুদ করিম বলেন, আবুল কাসেমকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়পুর (লক্ষ্মীপুর): রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া বলেন, উপজেলার কাজিরখীল এলাকায় একটি ট্রাক গতকাল রোববার দুপুরে একটি ট্রলিকে চাপা দেয়। এতে ট্রলিচালকের সহকারী মো. রুবেল ঘটনাস্থলেই মারা যান। এ সময় আরও ট্রলিচালকসহ দুজন আহত হন।
দাউদকান্দি (কুমিল্লা): হাইওয়ে পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে নিমশার এলাকায় একটি অনুষ্ঠান থেকে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসের ছয়জন আরোহী আহত হন। তাঁদের ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করার পর গৌরীপুর বাজারের ব্যবসায়ী স্থানীয় আঙ্গাউড়া গ্রামের মো. সুমন রাতে মারা যান।