সড়ক দুর্ঘটনায় মা, মেয়েসহ নিহত ৪
টাঙ্গাইলে গতকাল বুধবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মা, মেয়েসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা ও কালিহাতীর পৌলীতে সড়ক দুর্ঘটনা দুটি ঘটে৷
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহাম্মদ বলেন, গতকাল সকাল আটটার দিকে নাটিয়াপাড়া থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা টাঙ্গাইল সদরের দিকে যাচ্ছিল৷ মহাসড়কের বাঐখোলা এলাকায় অটোরিকশাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক এটিকে চাপা দেয়৷ এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক মাসুদ মিয়া (২৫) মারা যান। তাঁর বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার থানায়। আহত আরও ছয়জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশার যাত্রী বন্যা বেগম (৩০) ও তাঁর মেয়ে রাত্রী (৮) মারা যায়। তাঁদের বাড়ি জামালপুরের বকশীগঞ্জে। দুর্ঘটনায় বন্যা বেগমের স্বামী ও অপর এক ব্যক্তি আহত হন৷
এদিকে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক শামসুল আলম বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে কালিহাতীর পৌলীতে ঢাকাগামী একটি ট্যাংকলরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক আলী আজম (২৮) নিহত হন। তিনি চট্টগ্রামের কাঠগড় উত্তর পতেঙ্গা এলাকার রুহুল আমিনের ছেলে৷ এ ঘটনায় আহত আরও দুজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
রেললাইনের পাশে লাশ: কালিহাতীর সল্লা এলাকায় রেললাইনের পাশ থেকে সোহান মিয়া (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে৷ তিনি বগুড়ার সারিয়াকান্দি সদর উপজেলার আজাদ মণ্ডলের ছেলে৷ গতকাল বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বলেন, সকালে স্থানীয় লোকজন মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশকে জানায়৷ পরে রেলওয়ে থানার পুলিশ (জিআরপি) লাশটি উদ্ধার করে৷