সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলায় গোলাম মোস্তফা (৫০) ও বগুড়ার শেরপুরে মাদ্রাসাশিক্ষক শাহজাহান আলী (৫৫) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
নিহত গোলাম মোস্তফা জলঢাকা উপজেলার কৈমারী গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার দুপুর ১২টার দিকে জলঢাকা-রংপুর সড়কের বড়ঘাট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন গোলাম মোস্তফা। এ সময় জলঢাকা থেকে রংপুরগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শনিবার রাত সোয়া নয়টায় ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌর শহরের কলেজ রোড এলাকা দিয়ে সাইকেলে চড়ে যাওয়ার সময় মাদ্রাসাশিক্ষক শাহজাহান আলীকে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। দ্রুত তাঁকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
তিনি ধুনটের হেউটনগর দাখিল মাদ্রাসার শিক্ষক এবং হেউটনগর গ্রামের বাসিন্দা ছিলেন। সন্তানদের লেখাপড়ার স্বার্থে তিনি শেরপুরে বাসা ভাড়া নিয়ে থাকতেন।