সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও নির্মাণ শ্রমিকের মৃত্যু
ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরা শহরের পারনান্দুয়ালি পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কাছে গতকাল বুধবার সকালে ইঞ্জিনচালিত যান আলমসাধু ও পিকআপ ভ্যানের সংঘর্ষে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। একই দিনে পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ওসমান গণি (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
মাগুরা সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার রাউতাড়া এলাকা থেকে আটজন নির্মাণশ্রমিক আলমসাধুতে করে রামনগর বাজার এলাকায় কাজে যাচ্ছিলেন। সকাল পৌনে নয়টার দিকে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের কাছে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নির্মাণশ্রমিক লাল্টু মিয়া (৪০) মারা যান। আহত হন সাতজন।
পিরোজপুর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর-পাড়েরহাট সড়কের সদর উপজেলার ভাইজোড়া স্থানে সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার পাশে কয়েকজন শিশু ক্রিকেট খেলছিল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ষষ্ঠ শ্রেণির ছাত্র ওসমান গণিকে (১০) চাপা দেয়। তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।