সড়ক নয়, চালকদের দৌরাত্ম্যে দুর্ঘটনা: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া কেয়া পরিবহনের বাসটি। গতকালের ভয়াবহ ওই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ৩২ জন l প্রথম আলো
নাটোরের বড়াইগ্রামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া কেয়া পরিবহনের বাসটি। গতকালের ভয়াবহ ওই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান অন্তত ৩২ জন l প্রথম আলো

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুর্ঘটনাস্থল পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রাথমিকভাবে বলা যায় সড়কের কারণে এ দুর্ঘটনা ঘটেনি। চালকদের দৌরাত্ম্যের কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে।

গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে বড়াইগ্রামের রেজির মোড়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সেতুমন্ত্রী। তিনি দুর্ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে এক লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মন্ত্রী আহত ব্যক্তিদের বিনা মূল্যে সব ধরনের আধুনিক চিকিৎসা সুবিধা দেওয়ার আশ্বাস দেন।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘তিন কর্মদিবসের মধ্যেই তদন্ত কমিটিকে দুর্ঘটনার প্রতিবেদন দিতে হবে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

মন্ত্রী পরে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে বড়াইগ্রামের বনপাড়ার আমেনা হাসপাতালে যান। সেখানে তিনি তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন। একজন গুরুতর আহত রোগীর সঙ্গে কথা বলে তিনি তাঁকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

মন্ত্রী সেখান থেকে গুরুদাসপুর উপজেলার সিধুলি গ্রামে যান। দুর্ঘটনায় ওই গ্রামের ১৫ জন নিহত হয়েছেন। সেখানে নিহত কয়েকজন ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলেন।

এ সময় নাটোর-৪ আসনের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) সাংসদ আবদুল কুদ্দুস, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া)-এর সাংসদ আবুল কালাম আজাদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি ও নাটোরের জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাত একটার কিছু পরে মন্ত্রী সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন।

ছয় ভাইয়ের দাফন সম্পন্ন
নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলি গ্রামে আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সিধুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একই পরিবারের নিহত ছয় ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নিহত সাতজনকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এ সময় নিহত ব্যক্তিদের স্বজন ও প্রতিবেশীদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

গতকাল সোমবার বিকেলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রেজির মোড়ে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৩২ জন নিহত ও ২২ জন আহত হয়েছেন। ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আরও জানতে পড়ুন: