সড়ক না চষা জমি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলার ১৭ কিলোমিটার দীর্ঘ ডোমার-চিলাহাটি সড়কটি সংস্কারের অভাবে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। দুর্ভোগ থেকে বাঁচতে সংস্কারের দাবিতে গতকাল মঙ্গলবার সড়কটিতে ধানের চারা রোপণ করে প্রতীকী কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। এরপর মানববন্ধনও করেন তাঁরা।
সরেজমিনে গতকাল দেখা যায়, ওই সড়কের বিস্তীর্ণ এলাকাজুড়ে খানাখন্দ। বৃষ্টির পানি ও কাদা মাটিতে একাকার গোটা সড়ক। রাস্তাটি সংস্কারের দাবিতে উপজেলা শহরের মায়া সিনেমা হলের সামনের ওই অংশে গতকাল বেলা ১১টার দিকে ধানের চারা রোপণ করে প্রতীকী প্রতিবাদ জানান এলাকাবাসী। পরে এক ঘণ্টা মানববন্ধনও করেন তাঁরা। এ সময় বক্তৃতা করেন স্থানীয় বাসিন্দা মোস্তফা ফিরোজ প্রধান, জাকির প্রধান, আক্তারুজ্জামান, শরিফ আহমেদ, আনিছুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, আগামী ১০ দিনের মধ্যে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনের পর কথা হয় ডোমার উপজেলা সেচ পাম্প মালিক সমিতির সভাপতি আইয়ুব আলীর সঙ্গে। তিনি বলেন, সড়কটি প্রায় তিন বছর ধরে চলাচলের অনুপযোগী। রাস্তার এ অবস্থায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তিনি আরও বলেন, চিলাহাটি একটি প্রসিদ্ধ ব্যবসাকেন্দ্র। দূরদূরান্তের ব্যবসায়ীরা এই পথে মালামাল আনা-নেওয়া করেন। কিন্তু ভাঙা রাস্তার কারণে সবকিছু স্থবির হয়ে গেছে।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ আফতাব উদ্দিন সরকার বলেন, ‘সড়কটি সংস্কারের ব্যাপারে আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। আমি স্থানীয় সরকার বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। আশা করছি, আগামী অর্থবছরের শুরুতে কাজটি শুরু করা যাবে।’
ডোমার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহির উদ্দিন সরকার বলেন, ‘রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) আওতাধীন। তারপরেও পৌরসভার অর্থায়নে আমরা শহরের রাস্তায় কিছু ইটের গুঁড়া ফেলেছি। রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টি এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেছি।’
নীলফামারী এলজিইডির নির্বাহী প্রকৌশলী হক মাহমুদ সড়কটি সংস্কারের গুরুত্বের কথা স্বীকার করে বলেন, সড়কটি সংস্কারের ব্যাপারে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী অর্থবছরে বরাদ্দ পাওয়া গেলে এটি সংস্কার করা সম্ভব হবে। তিনি আরও বলেন, ওই সড়কে অনেক ভারী যানবাহন চলাচল করে। এমনিতেও রাস্তাটি প্রশস্ত করা দরকার। প্রায় ১৭ কিলোমিটার দীর্ঘ ওই সড়ক সংস্কারে প্রায় ১০ কোটি টাকা প্রয়োজন বলেও জানান তিনি।