সড়ক নিয়ে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষাকালে পানি জমে কর্দমাক্ত হয়ে থাকায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের চারটি সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এতে ওই ইউনিয়নের চার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
ওই সড়ক চারটি হলো ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পালাহার আমলিতলা বাসস্ট্যান্ড থেকে পাছদরিল্লা গ্রাম পর্যন্ত সড়ক, নান্দাইল-তাড়াইল সড়কের শিমুলতলা বাসস্ট্যান্ড থেকে রাজগাতি ইউনিয়নের কান্দাপাড়া গ্রাম দিয়ে কালিগঞ্জ বাজার পৌঁছানোর সড়ক, দাসপাড়া থেকে জামতলা বাজার হয়ে কালিগঞ্জ বাজারগামী সড়ক ও গাংগাইল বাজার থেকে ধনারামা গ্রাম হয়ে জামতলা বাজার পর্যন্ত সড়ক।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ওই চারটি সড়ক দিয়ে রাজগাতি ইউনিয়নের গোমরাকান্দা, পাছদরিল্লা, হিজলদানি, কান্দাপাড়া, দাসপাড়া, পাইকারগাতি, জামতলাসহ অন্তত ১০টি গ্রামের প্রায় চার হাজার মানুষ যাতায়াত করেন। এসব সড়কের বেহাল দশার কারণে শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ নানা পেশার লোক চলতি বর্ষা মৌসুমে অসহায় হয়ে পড়েছেন। কেউ অসুস্থ হলে তাঁকে কাঁধে বা খাটিয়া করে এক থেকে দুই কিলোমিটার কাদামাখা সড়ক পার হয়ে হাসপাতালে যাওয়ার যানবাহন ধরতে হয়।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, আমলিতলা বাসস্ট্যান্ড থেকে পাছদরিল্লা গ্রামে প্রবেশের সড়কটির প্রায় এক কিলোমিটার অংশ কার্পেটিং করা হয়েছে। কার্পেটিং যেখানে শেষ হয়েছে সেই গ্রামটির নাম গোমরাকান্দা। এখান থেকে সড়কটির প্রায় ৩০ ফুট পর্যন্ত হাঁটুসমান কাদা। এই গ্রামের আজিজুল হক বলেন, ‘রাস্তাটি ইট দিয়ে বাঁধাই করে দিলে আমাদের দীর্ঘ সময়ের দুর্ভোগের অবসান ঘটত।’
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. তাজুল ইসলাম বলে, বর্ষাকালে সড়কগুলো কর্দমাক্ত ও পিচ্ছিল থাকায় বিদ্যালয়ে যেতে সমস্যা হয়। কাদার কারণে পায়ের আঙুলে ঘা হয়ে যায়। বাকি তিনটির সড়কেরও অধিকাংশ জায়গা গর্তে ভরা। এসব গর্তে বৃষ্টি ও বর্ষার সময় পানি জমে থাকে।
দাসপাড়া গ্রামের জহিরুল ইসলাম নামে এক তরুণ বলেন, ‘সড়কের কারণে বর্ষাকালে আমাদের গৃহবন্দী থাকতে হয়।’
এদিকে রাজগাতি ইউনিয়নের বড় ব্যবসাকেন্দ্র কালিগঞ্জ বাজার। বর্ষাকালে সড়কের বেহাল অবস্থার জন্য উৎপাদিত পণ্য অতিরিক্ত ভাড়া দিয়ে কালিগঞ্জ বাজারে নিতে হয়। এ কারণে বেশি দামে পণ্য বিক্রি করতে না পারলে ব্যবসায়ী ও কৃষকদের লোকসান হয়।
দাসপাড়া গ্রামের জাহিদুল ইসলাম বলেন, বর্ষার সময় কৃষক উৎপাদিত পণ্য বড় বাজারগুলোতে নিতে পারেন না। ছোটখাটো বাজারগুলোতে বিক্রি করতে বাধ্য হয় বলে সস্তায় পণ্য পাওয়া যায়।
রাজগাতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ উদ্দিন বলেন, তাঁর ইউনিয়নে দক্ষিণ কয়রাটি থেকে উলুহাটি পর্যন্ত সড়কটি ইট দিয়ে নির্মিত। আর সব মিলিয়ে দুই থেকে আড়াই কিলোমিটারের মতো পাকা সড়ক রয়েছে। বাকি সব সড়কই কাঁচা। এতে তাঁর এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন।
মুঠোফোনে যোগাযোগ করলে স্থানীয় সাংসদ আনোয়ারুল আবেদিন খান বলেন, ওই সড়কগুলোর কথা তাঁকে কেউ জানাননি। তিনি সড়কগুলো দেখে সংস্কারের ব্যবস্থা নেবেন।