পিচঢালাই উঠে গেছে অনেক আগে। স্থানে স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। যেন একেকটি মৃত্যুফাঁদ। একটু এদিক-সেদিক হলেই যানবাহন উল্টে পড়ে ঘটে দুর্ঘটনা। সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের এমন হাল তিন বছর ধরে।
স্থানীয় লোকজন জানান, বিকল্প না থাকায় এই এবড়োখেবড়ো সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে মালবাহী কয়েক হাজার ট্রাক ও যাত্রীবাহী বাস। যথাযথ সংস্কারের অভাবে সড়কটি প্রায় চষা জমিতে পরিণত হয়েছে।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের ধোপাগুল, বড়শলা, কাকুয়ারপাড়, থানা সদর, টুকেরবাজার, বউবাজার, বহরঘাটা, পিয়াইনগুল, হাইস্কুল এলাকা, লালবাগ ও বর্ণি এলাকার অবস্থা অত্যন্ত নাজুক। অন্তত ছয়টি স্থানে ট্রাক এবং চারটি স্থানে সিএনজি ও যাত্রীবাহী বাস বিকল হয়ে পড়ে রয়েছে। গভীর খানাখন্দে পড়ে এবং প্রচণ্ড ঝাঁকুনির কারণে এসব যান বিকল হয়েছে বলে চালকেরা জানিয়েছেন।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম জানান, ৩২ কিলোমিটার দীর্ঘ এ সড়কের ২০ থেকে ২২ কিলোমিটার অংশ পুরোপুরি বিধ্বস্ত। সড়কটি পুনর্নির্মাণের জন্য টেন্ডার-প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই কাজ শুরু হবে।
কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের বাসিন্দা শাহ জামাল উদ্দিন বলেন, ‘উপজেলার কয়েক লাখ মানুষকে এ সড়কটি ব্যবহার করে জেলা সদরে যেতে হয়। এর বাইরে দেশের সবচেয়ে বড় পাথরকোয়ারি ভোলাগঞ্জ এলাকায় যেতে হলেও এই মহাসড়ক ব্যবহার করতে হয়। গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি বছরের পর বছর ধরে সংস্কারহীন পড়ে থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।’
স্থানীয় বাসিন্দারা আরও জানান, সড়কটি এখন ব্যবহারের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প কোনো উপায় না থাকায় মানুষজন ঠেকায় পড়ে এ সড়ক ব্যবহার করছেন। এমনিতেই সড়কটিতে বড় বড় খানাখন্দে ভরে গেছে। এর মধ্যে প্রতিদিন মালবোঝাই ট্রাক চলাচলের কারণে খানাখন্দগুলো বৃহৎ আকারে পরিণত হচ্ছে। একেকটি খানাখন্দ রীতিমতো ছোটখাটো পুকুরের মতো রূপ পেয়েছে।
মহাসড়কের পাশের ধোপাগুল এলাকার রেস্তোরাঁ ব্যবসায়ী আবদুর রহমান জানান, তাঁর এলাকায় প্রতিদিনই ছোট-বড় কয়েকটি দুর্ঘটনা হয়ে থাকে। শুষ্ক মৌসুমে সড়কে সারাক্ষণ ধুলো ওড়ে এবং চলতি বর্ষা মৌসুমে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত থাকায় সড়কে খানাখন্দে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।
সওজ সূত্রে জানা গেছে, সম্প্রতি মহাসড়কটি পুনর্নির্মাণ করার জন্য ৪৪১ কোটি ৫৬ টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। গত বৃহস্পতিবার এ প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়েছে। সব ধরনের প্রক্রিয়া শেষ হওয়ার পর আগামী তিন মাসের মধ্যে মহাসড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
ট্রাকচালক বশির মিয়া বলেন, মনে ভয় নিয়ে এ সড়ক দিয়ে চলতে হয়। সড়কের বড় বড় গর্তে চাকা পড়লে গাড়ি বিকল হয়ে পড়ে। তাই আল্লার নাম জপতে জপতে চালকেরা গাড়ি চালান। পেটের দায় না থাকলে জীবনের ঝুঁকি নিয়ে কেউ এ সড়কে ট্রাক চালাতেন না।