সংযোগ সড়ক পাকা না হওয়ায় যশোর মেডিকেল কলেজ ও ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নতুন ক্যাম্পাস চালু করা যাচ্ছে না। ফলে কাজে আসছে না ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবন।
বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের দ্বিতীয় তলায় অস্থায়ীভাবে কলেজের চারটি ব্যাচের পাঠদানসহ অন্যান্য কার্যক্রম চলছে। ছোট জায়গায় মেডিকেল কলেজের কার্যক্রম পরিচালনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এরই মধ্যে জানুয়ারি মাস থেকে নতুন ভর্তি হওয়া এমবিবিএস কোর্সের পঞ্চম ব্যাচের শিক্ষার্থীদের পাঠদান শুরু হচ্ছে।
কলেজের অধ্যক্ষ আবু হেনা মো. মাহবুব উল মওলা চৌধুরী প্রথম আলোকে বলেন, ১০তলা ভিত্তির ওপর ছয়তলাবিশিষ্ট ভবনে পাঠদানসহ প্রশাসনিক কার্যক্রম শুরু সময়ের ব্যাপারমাত্র। কিন্তু ক্যাম্পাসে যাওয়ার একমাত্র সংযোগ সড়কটির অবস্থা বেহাল। সড়কটি পাকা না করা পর্যন্ত ভবনটি বুঝে নেওয়া যাচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, যশোর-খুলনা মহাসড়কের চাঁচড়া এলাকা থেকে ৭০০ গজের মতো ভেতরে যশোর সদর উপজেলার হরিণার বিলে মেডিকেল কলেজের ভবন নির্মাণ করা হয়েছে। কলেজে ঢোকার সংযোগ সড়কের পুরোটাই কাঁচা। কলেজের শিক্ষক সূত্র জানায়, সড়কটি নির্মাণের জন্য গত ২২ ও ৩০ অক্টোবর কলেজের অধ্যক্ষ স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি দেন। চিঠিতে বলা হয়, যশোর-খুলনা মহাসড়ক থেকে কলেজে যাওয়ার প্রায় দুই হাজার ২০০ ফুটের কাঁচা রাস্তাটি পাকা না করায় কলেজটি নতুন ভবনে স্থানান্তর করা যাচ্ছে না।
সংযোগ সড়কটি পাকা করতে যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার বণিক স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে ৮ ডিসেম্বর একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, সড়কটির উন্নয়নের জন্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক জেলা পরিষদকে নির্দেশনা দিয়েছেন। ওই নির্দেশনা অনুযায়ী সড়কের প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে, যার মূল্য দাঁড়িয়েছে এক কোটি ৪২ লাখ ১০ হাজার টাকা। এটি বর্তমানে স্থানীয় সরকার বিভাগের অনুমতির অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০১২ সালে ২৫ একর জমিতে যশোর মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণকাজ শুরু হয়।