সড়ক বন্ধে নাখোশ ধানমন্ডিবাসী

ধানমন্ডি আবাসিক এলাকার অনেক সড়কের প্রবেশমুখে বসানো হয়েছে লোহার প্রতিবন্ধক। রাত বাড়লেই এসব প্রতিবন্ধক ফেলে সড়ক বন্ধ করে দেওয়া হয়। নিরাপত্তার কথা বলে এসব করা হলেও এলাকাবাসীর মতে, এতে নিরাপত্তা জোরদারের চেয়ে লোকজনের হয়রানি হচ্ছে বেশি।
গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, ধানমন্ডির ৩ নম্বর সড়ক, ৪, ৪এ, ৬, ৬এ এবং ৭ নম্বর সড়কের প্রবেশমুখে রেলক্রসিংয়ের মতো লোহার প্রতিবন্ধক দেওয়া। ধানমন্ডি থানা ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এ বছর পবিত্র রমজান মাসের আগে এসব সড়কে প্রতিবন্ধক বসানোর কাজ শুরু হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের লোগোসংবলিত প্রতিবন্ধকের গায়ে লেখা—‘রাত ১১টার পর প্রবেশ নিষেধ’। এসব প্রতিবন্ধকের পাশে কোনো গেটম্যান দেখা যায়নি। ৬এ নম্বর সড়কের প্রতিবন্ধকের পাশের এক চা-বিক্রেতা বলেন, তাঁর ভাষায়, ‘রাত ১১টার দিকে হেরা গেট (সড়ক প্রতিবন্ধক) নামায়া যায় গা। আর সকাল পাঁচটার পরে আইসা খুইলা দেয়।’
নিরাপত্তা প্রতিবন্ধক নিয়ে অধিকাংশ এলাকাবাসীর নেতিবাচক মনোভাব লক্ষ করা গেছে। এই প্রতিবেদক আবাসিক এলাকার অন্তত ১০ জন অধিবাসীর সঙ্গে কথা বলেন। তাঁদের মধ্যে আটজনই মনে করেন, সড়ক প্রতিবন্ধকগুলোর কারণে সুবিধার চেয়ে অসুবিধাই হচ্ছে বেশি।
একটি বেসরকারি সংস্থার চাকুরে সাদমান সাইফ বলেন, ‘আমার প্রাইভেট অফিস বলে ফিরতে ফিরতে প্রায়ই দেরি হয়। মাথার মধ্যে একটা চাপ থাকে যে রাত ১১টার আগে এলাকায় ঢুকতে হবে। এভাবে সময় বেঁধে দেওয়াটা স্বাভাবিক চলাফেরা বাধাগ্রস্ত করছে।’
৬ নম্বর সড়কের অধিবাসী ব্যবসায়ী আলমগীর হোসেনও মনে করেন নিরাপত্তার কারণে আরোপিত সিদ্ধান্ত তাঁদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। তাঁর ভাষায়, ‘আগে বাসার সামনে দোকান ছিল। যখন যা দরকার কিনতে পারতাম। এখন ছোটখাটো জিনিসের জন্য মার্কেটে দৌড়াতে হয়। রাতে সোজা রাস্তা দিয়ে বের হওয়ার উপায় নাই। সব রাস্তা বন্ধ। জরুরি অবস্থায় মানুষ করবে কী?’
আর ৩ নম্বর সড়কের বাসিন্দা রিয়া হকের মতে, সড়কে একটা প্রতিবন্ধক বসিয়ে এলাকার নিরাপত্তা নিশ্চিত করা যায় না। এতে কাজের চেয়ে অকাজই হচ্ছে বেশি।
তবে গৃহিণী জোবাইদা শবনম বললেন ভিন্ন কথা। তিনি মনে করেন, কিছু অসুবিধা থাকলেও নিরাপত্তার স্বার্থে বসানো সড়ক প্রতিবন্ধকগুলো তাঁর এলাকার জন্য ইতিবাচক। এতে এলাকার নিরাপত্তা বেড়েছে বলেই তিনি মনে করেন।
সড়কের প্রবেশমুখে বসানো প্রতিবন্ধক নিয়ে মানুষের এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আযম মিয়া প্রথম আলোকে বলেন, ধানমন্ডি আবাসিক এলাকার অধিবাসীদের সঙ্গে কথা বলে, তাঁদের সম্মতি নিয়েই এই সড়ক প্রতিবন্ধকগুলো বসানো হয়েছে। জরুরি প্রয়োজনে মানুষ কী করবে জানতে চাইলে তিনি বলেন, ‘সচেতন সমাজের সবাই আমাদের এই উদ্যোগকে পছন্দ করেছে।’