সড়ক বিভাগের জায়গায় নির্মাণাধীন মাদ্রাসা ভবন ভাঙার কাজ শুরু
ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজারে সড়ক বিভাগের জায়গায় নির্মাণাধীন মাদ্রাসা ভবনটি গত রোববার থেকে ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে।
এলাকাবাসী জানান, গত রোববার সকাল থেকে কয়েকজন শ্রমিক ভবনের একতলার ছাদ ঢালাইয়ের জন্য বাঁধাই করা রড খুলতে শুরু করেন। এ ছাড়া ছাদের যে সামান্য অংশ ঢালাই করা হয়, তা ভেঙে ফেলা হয়েছে।
কিছুদিন আগে ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মোহাম্মদ আলী বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বাজারের একাংশ ও সড়ক বিভাগের জায়গায় মোহাম্মদ আলী বাজার ইসলামিয়া নূরানী মাদ্রাসার নামে পাকা ভবন নির্মাণের কাজ শুরু হয়। খবর পেয়ে ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মনসুর উদ্দিন সরকারি জায়গায় মাদ্রাসা ভবন না করার জন্য উদ্যোক্তাদের অনুরোধ করেন।
গত শনিবার প্রথম আলোয় ‘ফেনীতে সড়ক বিভাগের জায়গায় মাদ্রাসা ভবন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
মাদ্রাসার মূল উদ্যোক্তা স্থানীয় শর্শদি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নাদেরুজ্জামানের ছেলে মো. মহসিন নির্মাণাধীন মাদ্রাসা ভবন ভাঙার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে জানান, ওই স্থানে অনেক আগে থেকে একটি নূরানী মাদ্রাসার কাঁচাঘর ছিল। এলাকাবাসীর অনুরোধে তাঁর বাবা সেখানে একটি পাকা ভবন করার উদ্যোগ নেন। জায়গা নিয়ে বিতর্ক দেখা দেওয়ায় তাঁরা নিজেরাই সেটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ফেনী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. এনামুল হক বলেন, নির্মাণাধীন ভবনের মালামাল সরিয়ে নিয়ে উদ্যোক্তারা শুভ বুদ্ধির পরিচয় দিয়েছেন।