সড়ক বিভাজকে বিলবোর্ড, ঝুঁকিতে যাত্রী ও পথচারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের বিভাজকে রয়েছে বিভিন্ন ব্যক্তির ‘শুভেচ্ছা’ বিলবোর্ড ও ব্যানার। এতে যানবাহন ও পথচারীদের চলাচল বিঘ্নিত হচ্ছে। শেরপুর পৌর শহরের সওজ কার্যালয়ের সামনে থেকে সম্প্রতি ছবিটি তুলেছেন সবুজ চৌধুরী
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের বিভাজকে রয়েছে বিভিন্ন ব্যক্তির ‘শুভেচ্ছা’ বিলবোর্ড ও ব্যানার। এতে যানবাহন ও পথচারীদের চলাচল বিঘ্নিত হচ্ছে। শেরপুর পৌর শহরের সওজ কার্যালয়ের সামনে থেকে সম্প্রতি ছবিটি তুলেছেন সবুজ চৌধুরী

নিরাপত্তার কথা না ভেবেই বগুড়ার শেরপুর পৌর শহরের ঢাকা-বগুড়া মহাসড়ক এলাকার প্রায় এক কিলোমিটার বিভাজকজুড়ে বসানো হয়েছে ব্যক্তিবিশেষের বিলবোর্ড ও ব্যানার (প্যানা)। এর মধ্যে সরকারদলীয় সাংসদ হাবিবর রহমান ও উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলামের নামে দুটি বিলবোর্ড রয়েছে।
ঈদুল আজহা ও শারদীয় দুর্গা উৎসবের ‘শুভেচ্ছা’ জানিয়ে বেশির ভাগ ব্যানার তৈরি করা হয়েছে।
১৫ অক্টোবর সরেজমিনে দেখা যায়, মহাসড়ক-বিভাজকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ও বাঁশ পুঁতে বিলবোর্ড, ব্যানার স্থাপন করা হয়েছে। ব্যানারগুলোর বেশির ভাগই মহাসড়কের ওপর হেলে পড়েছে। সাংসদ হাবিবর ও যুবলীগ নেতা তারিকুলের নামে বিলবোর্ড স্থাপন করা হয়েছে লোহার খুঁটি পুঁতে।
এ সময় এলাকার কয়েকজন বাসিন্দা জানান, মহাসড়কের বিভাজকে প্রায় দুই বছর ধরে স্থানীয় রাজনৈতিক নেতারা বিলবোর্ড, ব্যানার দিয়ে প্রচারণা চালাচ্ছেন। এতে জননিরাপত্তা বিঘ্নিত হলেও প্রচারণাকারী ব্যক্তি ও স্থানীয় রাজনৈতিক নেতাদের কোনো ভ্রুক্ষেপ নেই।
ট্রাকমালিক তবিবর রহমান বলেন, বিলবোর্ড ও ব্যানারের জন্য অনেক সময় পথচারীরা যানবাহন দেখতে পান না। এ কারণে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটছে।
পথচারী সাইফুল ইসলাম বলেন, ব্যানারগুলো বিভাজকের মাটির একটু ওপরে লাগানোর কারণে অনেক সময় দ্রুত বেগে আসা গাড়ি নজরে আসে না।
শেরপুর মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইছাহাক আলী জানান, অনেক সময় ওই সব দৃষ্টিনন্দন ব্যানার-বিলবোর্ডের দিকে গাড়িচালকদের নজর চলে যায়। এতে দুর্ঘটনায় প্রাণহানির আশঙ্কা রয়েছে। মহাসড়ক বিভাজকে স্থাপিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের দাবি জানান তিনি।
এ ব্যাপারে তারিকুল ইসলাম বলেন, পৌরসভা কর্তৃপক্ষের অনুমতি নিয়েই মহাসড়ক-বিভাজকে বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
তবে পৌরসভার সচিব দীলিপ মহন্ত জানান, মহাসড়ক বিভাজকে ব্যানার স্থাপনের অনুমতি দেওয়ার কোনো তথ্য তাঁর কাছে নেই।
এ ব্যাপারে সাংসদ হাবিবরের মুঠোফোনে গতকাল বিকেলে যোগাযোগ করলে তাঁর ব্যক্তিগত সহকারী মো. কোরবান আলী ফোন ধরেন। এমপি মহোদয় বিশ্রামে আছেন জানিয়ে কোরবান আলী বলেন, সড়ক বিভাজকে ব্যানার সাংসদের পক্ষ থেকে স্থাপন করা হয়নি। তিনি (সাংসদ) বিষয়টি জানেন না।
বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান জানান, এসব বিলবোর্ড ও ব্যানারের কারণে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিলবোর্ড, ব্যানারগুলোর কোনো অনুমোদন নেই। এগুলো অপসারণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাঁরা ইতিমধ্যে চিঠি পাঠিয়েছেন। কিন্তু তাঁরা সেগুলো অপসারণ করছেন না। এ ব্যাপারে তাঁরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবেন।