সড়ক বেহাল, চলাচলে দুর্ভোগ
নোয়াখালীর সেনবাগ-সোনাইমুড়ী সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়ক দিয়ে চলাচলকারীরা ভোগান্তির শিকার হচ্ছে।
সম্প্রতি সেনবাগ সংযোগ সড়ক নামে পরিচিত সড়কটির সেনবাগ রাস্তার মাথা এলাকা থেকে গাজীরহাট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সড়কের উত্তর সাহাপুর রাইস মিল ও কাদরা বোর্ড অফিস এলাকায় সড়ক ভেঙে পড়ছে পাশের পুকুরে। এ অবস্থায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
এলাকার বাসিন্দারা বলেন, সড়কটি দিয়ে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন যাত্রাপথের শতাধিক বাস ছাড়াও প্রতিদিন ছোট-বড় অসংখ্য যানবাহন ও পণ্যবাহী গাড়ি চলাচল করে। কিন্তু গত সাত-আট বছরের বেশি সময় সড়কটির উল্লেখযোগ্য কোনো সংস্কারকাজ হয়নি। এতে সড়কটির অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে।
অটোরিকশার চালক জহির উদ্দিন বলেন, খানাখন্দের মধ্যে গাড়ি চালানো যায় না। তারপরও বাধ্য হয়ে চালাতে হয়। সড়কের দুরবস্থার কারণে গাড়ির রক্ষণাবেক্ষণের খরচও বেড়ে গেছে।
পিকআপ ভ্যানের চালক মো. ইসমাইল বলেন, সড়কে খানাখন্দের কারণে সঠিক গতিতে গাড়ি চালানো যায় না। সেনবাগ রাস্তার মাথা থেকে চার কিলোমিটার দূরের উপজেলা সদরে যেতে আগে সময় লাগত পাঁচ-সাত মিনিট। আর এখন সময় লাগে ১৫ মিনিট।
কাদরা বোর্ড অফিস এলাকার বাসিন্দা আবুল কালাম বলেন, সড়ক ভেঙে পাশের পুকুরে পড়ছে। কিছুদিন আগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ নামমাত্র সংস্কারকাজ করেছে। তিনি বলেন, যেকোনো সময় সড়ক ভেঙে পুকুরে পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে।
সওজের নোয়াখালী কার্যালয় সূত্র জানায়, সড়কের ছাতারপাইয়া অংশের ছোট-বড় গর্তগুলো ভরাট করে কার্পেটিং করার কাজ চলছে। তবে পুরো সড়ক যন্ত্রের সাহায্যে কার্পেটিং না করা পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হবে না।
সড়কের দুরবস্থার সত্যতা স্বীকার করে সওজের নোয়াখালীর উপবিভাগীয় প্রকৌশলী পিন্টু চাকমা প্রথম আলোকে বলেন, সড়কের বেশি খারাপ অংশগুলো সংস্কারের জন্য দরপত্র আহ্বানের বিষয়টি প্রক্রিয়াধীন।