সড়ক বেহাল, জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন সংস্কারের অভাবে রাঙামাটির কাউখালী উপজেলা সদর-সুগার মিল সড়ক বেহাল৷ ৩০ বছরের বেশি সময় আগে হালকা যানবাহন চলাচলের জন্য সড়কটি নির্মিত হলেও এখন সড়কে ভারী যানবাহন চলাচল করছে। এ অবস্থায় লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে৷
সরেজমিনে দেখা যায়, কাউখালী সদর থেকে সুগার মিল পর্যন্ত ১২ কিলোমিটার সড়কের প্রায় সব অংশই ভাঙা। সড়কটির কলমপতি ইউনিয়নের পাঁচ কিলোমিটার অংশ বেশি ঝুঁকিপূর্ণ। ওই স্থানের কার্পেটিং উঠে গিয়ে সড়কটি কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। স্থানীয় লোকজন জানান, সামান্য বৃষ্টিতেই সড়কে কাদা জমে যায়৷
তারাবুনিয়া এলাকার বাসিন্দা আবদুর রহিম বলেন, সড়কটির এমন অবস্থা হয়েছে সামান্য বৃষ্টি হলে যানবাহন দূরের কথা, হেঁটে পর্যন্ত আসা-যাওয়া করা যায় না। আর রোদ উঠলে এমনভাবে ধুলা-বালি ওড়ে যে আশপাশের বাড়িঘর ভরে যায়।
অটোরিকশার চালক ফরিদ শেখ বলেন, ‘বৃষ্টি হলেই আমাদের আয়-রোজগার বন্ধ হয়ে যায়। কারণ, তখন গাড়ি চালানো সম্ভব হয় না।’ স্থানীয় লোকজন জানান, এই সড়ক দিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কমপক্ষে ছয়টি ইটভাটার ইট পরিবহন করা হয়। তা ছাড়া এই সড়ক দিয়ে ইটভাটার মাটি কাটার জন্য ভারী যান আসা-যাওয়া করে৷ এ ছাড়াও কাঠ ও বাঁশবোঝাই ট্রাকও এই সড়ক দিয়ে নিয়মিত চলাচল করে।
কলমপতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ক্যজাই মারমা বলেন, ‘সড়কে মাঝেমধ্যে ছোটখাটো সংস্কারকাজ হয়। কিন্তু সেসব স্থান আবার ভেঙে যায়। আমাদের দীর্ঘদিনের দাবি, সড়কটি আরও প্রশস্ত ও নতুনভাবে নির্মাণ করা হোক।’
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্র জানায়, হালকা যান চলাচলের উপযোগী করে ১৯৭৯-৮০ সালে কাউখালী-সুগার মিল সড়ক নির্মাণ করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। পরবর্তীকালে সড়কটি এলজিইডি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এলজিইডির কাউখালী উপজেলা প্রকৌশলীর দায়িত্ব থাকা উপসহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান বলেন, তিনি নতুন এসেছেন। তবে খবর পেয়েছেন সড়কটি প্রায় পাঁচ বছর ধরে সংস্কারহীন অবস্থায় আছে৷ অথচ প্রতিদিন বিভিন্ন যানবাহন ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে। প্রায় এক বছর আগে এলজিইডি রাঙামাটি জেলা কার্যালয়ের মাধ্যমে সড়কটি সংস্কারের জন্য বরাদ্দ চেয়ে প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ এলে সড়কটি সংস্কার করা হবে৷