সড়ক বেহাল, জনভোগান্তি

লক্ষ্মীপুরের মান্দারী-দাসেরহাট সড়কের নয় কিলোমিটারের মধ্যে দুই কিলোমিটার অংশ বেহাল। সড়কের এ অংশে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই এলাকার লক্ষাধিক মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
সড়কে গর্তের কারণে যানবাহনের চালকেরা বেশি ভাড়া আদায় করছেন। সড়কের বেহাল অংশ এড়াতে অনেকে ২০ কিলোমিটার ঘুরে যাতায়াত করেন।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, মান্দারী-দাসেরহাট সড়কের জামিরতলী, রমাপুর ও দিঘলী গ্রামের অংশ বেহাল। এসব স্থানে সড়কে শত শত গর্ত। এর মধ্যে ঝুঁকি নিয়ে চলছে অসংখ্য যানবাহন। সড়কটি লক্ষ্মীপুর সদর উপজেলার সঙ্গে নোয়াখালী সদর উপজেলার যোগাযোগের একটি মাধ্যম। সড়ক বেহাল হওয়ায় অনেকে ২০ কিলোমিটার ঘুরে লক্ষ্মীপুর শহরে যাতায়াত করছে।
মান্দারী-দাসেরহাট সড়কের দুই পাশে রয়েছে ১০টি প্রাথমিক বিদ্যালয়, চারটি মাধ্যমিক বিদ্যালয়, পাঁচটি মাদ্রাসা ও দুটি বেসরকারি কলেজ। এ ছাড়া রয়েছে একটি উপস্বাস্থ্য ও একটি পরিবারকল্যাণ কেন্দ্র। এ ছাড়া আছে মান্দারী, দিঘলী ও দাসেরহাট বাজার। বেহাল সড়ক দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সড়ক বেহাল হওয়ায় লক্ষ্মীপুর সদর উপজেলার সৈয়দপুর, জালিয়াকান্দি, ইটখোলা, গোবিন্দপুর, খাঘুড়িয়া, সানকিভাঙ্গা, গোরারবাগ, কল্যাণপুর, কাঁঠালী, রুপাচরা, রাজাপুর, শান্তিররহাট, দুর্গাপুর, চিলাদী, নিচিন্তাপুর ও পুকুর দিয়া গ্রামের লোকজন অনেক কষ্ট করে লক্ষ্মীপুর শহর ও নোয়াখালী জেলার বিভিন্ন স্থানে যাতায়াত করছে।
সিএনজিচালিত অটোরিকশার চালক মো. হারুন বলেন, দুই কিলোমিটার সড়ক যেতে ২০ মিনিটের বেশি সময় লেগে যায়। প্রায় সময় গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়।
দাসেরহাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ মুন্সি বলেন, সড়ক বেহাল ও যানবাহনে ভাড়া বেশি আদায়ের কারণে দাসেরহাট বাজারে মানুষের সমাগম দিন দিন কমে যাচ্ছে। দুই কিলোমিটার সড়ক খারাপ হওয়ার কারণে অনেকে ২০ কিলোমিটার ঘুরে চন্দ্রগঞ্জ বাজার হয়ে লক্ষ্মীপুর শহরে যাতায়াত করছে।
দিঘলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফাতেমা আক্তার বলেন, সড়কে বড় বড় গর্ত থাকার কারণে স্কুলে যাতায়াত করতে খুব কষ্ট হয়।
দিঘলী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র মাহমুদ বলল, রাস্তায় অসংখ্য গর্ত থাকার কারণে প্রায়ই তার সাইকেল নষ্ট হয়ে যায়। এতে স্কুলে যেতে দেরি হয়।
দিঘলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইসমাঈল হোসেন বলেন, রাস্তাটি সংস্কারের জন্য সড়ক বিভাগ ও স্থানীয় সাংসদকে অনুরোধ করা হয়েছে।
চরশাই ইউপি চেয়ারম্যান গোলজার মোহাম্মদ ও কুশাখালী ইউপি চেয়ারম্যান আহম্মদ উল্যা নাছিম জানান, সড়কটি সংস্কার করা হলে লক্ষাধিক মানুষ অল্প সময়ে ও কম খরচে লক্ষ্মীপুর শহরে এবং নোয়াখালী যাতায়াত করতে পারবে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তোফায়েল মিয়া দুই কিলোমিটার সড়কে অসংখ্য গর্তের কথা স্বীকার করে বলেন, বরাদ্দ পেলে সড়কটি সংস্কার করা হবে।