পৌরসভা নির্বাচন
রাস্তাঘাটে গরু-ছাগল অবাধে চরে বেড়াচ্ছে। সড়কবাতির অভাবে সন্ধ্যার পর নেমে আসে অন্ধকার। পৌরসভা গঠনের ১০ বছরেও এখানে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। পৌরসভার অধিকাংশ সড়ক ব্যবহারের অনুপযোগী। এই দুরবস্থা সিলেটের কানাইঘাট পৌরসভার। পৌরবাসী বিশুদ্ধ পানি, উন্নত পয়োনিষ্কাশনব্যবস্থাসহ বিভিন্ন মৌলিক সেবা পাননি। উন্নয়নবঞ্চিত এ পৌরসভা এখন চলছে ধুঁকে ধুঁকে।
পৌরসভার বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক লুৎফুর রহমান। তিনি আবার দলের মনোনয়ন পেয়েছেন। তিনি বলেন, ‘নির্বাচিত হওয়ার পর আমি সাধ্যমতো উন্নয়নকাজ করেছি। এরপরও কিছু কাজ করার বাকি রয়ে গেছে। পুনর্বার নির্বাচিত হলে আমি সেসব কাজও শেষ করব।’
পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, কানাইঘাট পৌরসভাটি প্রতিষ্ঠিত হয় ২০০৫ সালের ২৫ অক্টোবর। ৪ দশমিক শূন্য ৪ বর্গকিলোমিটার আয়তনের পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৬ হাজার ২৮৭ জন। শিক্ষার হার ৪৫ শতাংশ। এখানে মোট হোল্ডিং সংখ্যা ৮ হাজার ২২। এর মধ্যে আবাসিক ৪ হাজার ১১, বাণিজ্যিক ৩ হাজার ৮২২ এবং সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ১৮৯।
‘গ’ শ্রেণির এই পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে চোখে পড়ার মতো উন্নয়ন কর্মকাণ্ড কারও চোখে পড়েনি। পৌরসভার মহেশপুর এলাকার রুমান সিদ্দিকী বললেন, ‘পৌরসভা গঠনের আগে কানাইঘাট বাজারটি সদর ইউনিয়নের মধ্যে ছিল। ১০ বছর আগে বাজারটি যেমন ছিল, এখন তেমনই আছে। তাই পৌর শহর না বলে এটিকে গ্রামীণ হাট বলাই ভালো।’
পৌরসভার তথ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পৌরসভায় পাঁচ কিলোমিটার পিচ ঢালাই করা সড়ক, দুই কিলোমিটার এইচবিসি সড়ক, ১৫ কিলোমিটার ইট বিছানো সড়ক, ছয় কিলোমিটার সিসি/আরসিসি সড়ক এবং ৩০ কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। এর বাইরে ২৫ কিলোমিটার কাঁচা নালা, পাঁচ কিলোমিটার ইটের তৈরি নালা, এক কিলোমিটার পাইপের নালা এবং আধা কিলোমিটার আরসিসি নালা রয়েছে। একটি খেলার মাঠ থাকলেও পৌরসভায় কোনো গণশৌচাগার নেই।
সরেজমিনে দেখা গেছে, পুরো শহরের সড়কগুলো বেহাল অবস্থায় রয়েছে। দিনের পর দিন সংস্কারের অভাবে সড়কজুড়ে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য খানাখন্দ। কাপের্টিং উঠে মাটি পর্যন্ত বেরিয়ে গেছে। প্রায় সব সড়ক পুরোপুরি বিধ্বস্ত হয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় স্থানীয় লোকজন এসব সড়ক দিয়েই চলাচল করে।
পৌর এলাকার হাসপাতাল রোড, বোরহান উদ্দিন রোড, মাদ্রাসা রোড, উপজেলা সেন্টার, মধ্যবাজার, পূর্ব বাজার, দক্ষিণ বাজার, রায়গড়, থানা রোড ও শিবনগর টুক এলাকার সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। কানাইঘাট মহিলা কলেজের প্রভাষক মো. শামীম আহমদ বলেন, ‘বিভিন্ন খাতে গত পাঁচ বছরে পাঁচ হাজার টাকা কর দিয়েছি। অনেকে সেভাবে কর দিয়েছেন, কিন্তু সেভাবে কোনো উন্নয়নই আমাদের চোখে পড়েনি।’
রায়গড় গ্রামের বাসিন্দা কৃষিজীবী মইনুল ইসলাম বলেন, ‘পৌরসভা গঠনের এত বছরেও কোনো উন্নয়ন হয়নি। ভাঙাচোরা সড়কের কারণে মানুষ ক্ষুব্ধ। এ ছাড়া শহরের যেখানে-সেখানে ময়লা-আবর্জনা পড়ে থাকায় পুরো শহরটি নোংরা ও অপরিচ্ছন্ন হয়ে রয়েছে।’
মহেশপুর এলাকার বাসিন্দা শফিক উদ্দিন বলেন, ‘শহর এলাকা নিয়মিত পরিষ্কার করা হয় না। নেই কোনো বিনোদনের ব্যবস্থা। মশার উপদ্রব রয়েছে। সাপ্লাইয়ের পানি নেই। পর্যাপ্ত নর্দমা, পয়োনিষ্কাশন ও সড়কবাতিরও অভাব রয়েছে।’
প্রতিষ্ঠার পর থেকে পৌরসভার নিজস্ব কোনো ভবন নির্মিত হয়নি। শুরু থেকে নন্দীরাই এলাকায় অবস্থিত কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের কয়েকটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে কার্যক্রম পরিচালিত হচ্ছে। পর্যাপ্ত জায়গার অভাবে কাউন্সিলরদের বসার জায়গা পর্যন্তও সেখানে নেই।