সড়ক বেহাল, মানুষের ভোগান্তি
ফেনীর বালুয়া চৌমুহনী-রাজারহাট-মমতাজ মিয়ার বাজার সড়ক এবং বালুয়া চৌমুহনী-কুঠিরহাট (খালপাড়) সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের বালুয়া চৌমুহনী-রাজারহাট-মমতাজ মিয়ার বাজার সড়কটির দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার। ২০০১ সালে বালুয়া চৌমুহনী বাজার থেকে প্রায় এক কিলোমিটার সড়ক পাকা করা হয়। বাকি প্রায় তিন কিলোমিটার সড়ক এখনো কাঁচা।
সরেজমিনে দেখা যায়, বালুয়া চৌমুহনী-রাজারহাট-মমতাজ মিয়ার বাজার সড়কের পাকা অংশ খানাখন্দে ভরা। আর স্থানীয় লোকজন জানান, বর্ষার সময় সড়কের কাঁচা অংশ কাদায় একাকার হয়ে যায়।
এদিকে চার কিলোমিটার দীর্ঘ বালুয়া চৌমুহনী-খালপাড় (কুঠিরহাট) সড়কের ফেনী সদর উপজেলা অংশ পাকা হলেও সোনাগাজী উপজেলা অংশ এখনো কাঁচা। খানাখন্দের কারণে সড়কের পাকা অংশ বেহাল।
এই দুটি সড়ক দিয়ে ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর, মাছিমপুর, সাড়াশিয়া, মধ্যম ধলিয়া, দৌলতপুর ও অলিপুর; লেমুয়া ইউনিয়নের চাঁদপুর ও নেয়ামতপুর; সোনাগাজীর চর মজিলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর ও রাঘবপুর; বগাদানা ইউনিয়নের গুনক, বাদুরিয়া, বড়হালিয়া, গুনক বাবুপুর, খোদাইনগর ও গজারিয়া গ্রামের মানুষ বালুয়া চৌমুহনী বাজার, মমতাজ মিয়ার বাজার, রাজারহাট, সোমবারিয়া বাজার ও লেমুয়া বাজারে যাতায়াত করে থাকে। এ ছাড়া এই দুটি সড়ক দিয়ে বালুয়া চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারহাট ফোরকানিয়া মাদ্রাসা, বালুয়া চৌমুহনী ইসলামিয়া মাদ্রাসাসহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা যাতায়াত করে।
বালুয়া চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আবুল কাশেম ও ছেমনা আক্তার বলল, বর্ষায় খানাখন্দ ও কাদা মাড়িয়ে তাদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়।
রাজারহাট বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আবু তাহের জানান, সড়ক বেহাল হওয়ায় পণ্য আনা-নেওয়ার সময় তাঁদের কষ্ট হয়। এ ছাড়া বেশি ভাড়া দিয়ে পণ্য আনতে হয়। এ কারণে তাঁরা বেশি দামে পণ্য বিক্রি করতে বাধ্য হন।
ধলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কাজী নূর আলম সাবু প্রথম আলোকে বলেন, বালুয়া চৌমুহনী-রাজারহাট-মমতাজ মিয়ার বাজার সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিগত ১৫ বছরেও সংস্কার না করায় পথচারীরা নিদারুণ কষ্ট ভোগ করছে।
ফেনী সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. আবুল কাসেম জানান, এসব সড়কের খারাপ অবস্থা সম্পর্কে উপজেলা প্রকৌশল বিভাগ অবগত আছে। তিনি জানান, পর্যায়ক্রমে প্রকল্প গ্রহণ করে সড়কগুলো সংস্কার ও পাকা করার পরিকল্পনা আছে।