সড়ক ভাঙা, ফুটপাতে গাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম এম আলী সড়কে খানাখন্দের কারণে ফুটপাতের ওপর দিয়ে চলছে রিকশা। ছবিটি গত বৃহস্পতিবার দুপুরে তোলা l সৌরভ দাশ
এম এম আলী সড়কে খানাখন্দের কারণে ফুটপাতের ওপর দিয়ে চলছে রিকশা। ছবিটি গত বৃহস্পতিবার দুপুরে তোলা l সৌরভ দাশ

ফুটপাত দিয়ে হাঁটছে নারী-পুরুষ। বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীও আছে। তাঁদের পাশাপাশি একই ফুটপাতে সমানে চলছে রিকশা ও অটোরিকশা। নগরের মৌলানা মোহাম্মদ আলী (এম এম আলী) সড়কে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পূর্ব পাশের ফুটপাতটিতে প্রতিদিন এই চিত্র দেখা যায়। এর ফলে দুর্ঘটনার আশঙ্কা করছেন ফুটপাত ব্যবহারকারীরা।

সড়ক ছেড়ে ফুটপাত দিয়ে চলাচলের কারণ জানতে চাইলে চালকেরা বিরক্ত হয়ে জবাব দেন , ‘সড়কটি কেমন ভাঙা দেখেন। খাদে যেকোনো মুহূর্তে চাকা আটকে দুর্ঘটনা ঘটতে পারে।’

ছয় মাসেরও বেশি সময় ধরে এম এম আলী সড়কটি ভাঙা। সড়কটির দৈর্ঘ্য ৫০০ মিটারের কিছু বেশি। সড়কের গোলপাহাড় মোড় থেকে ইউনিভার্সিটি ফর উইমেন এবং এলিমেন্টারি স্কুল পর্যন্ত দেড় শ মিটার অংশটির অবস্থা সবচেয়ে বেহাল। বড় বড় গর্ত হয়ে গেছে এসব অংশে। গর্তে জমে রয়েছে পানি। ফলে খাদের গভীরতা বোঝার উপায়ও নেই।

সরেজমিনে দেখা গেছে, গোলপাহাড় থেকে এবড়োখেবড়ো সড়কের শুরু। কোথাও ইট উঁচু হয়ে আছে। ভাঙাচোরা রাস্তায় বিশাল বিশাল গর্ত। অনেক জায়গাতেই পিচঢালাইয়ের চিহ্ন পর্যন্ত নেই। গোলপাহাড় মোড় থেকে এম এম আলী সড়কে ১০০ মিটার যাওয়ার পর মূল সড়ক ছেড়ে অটোরিকশা ও রিকশাগুলো বাঁদিকের (দক্ষিণ) ফুটপাতে উঠে যাচ্ছে। ওই স্থানে ফুটপাত ও সড়কটি প্রায় সমতল।

ফুটপাত দিয়ে প্রায় দেড় শ মিটার গিয়ে বাংলাদেশ এলিমেন্টারি স্কুলের সামনে গিয়ে আবার ফুটপাত থেকে সড়কে নামছে রিকশা ও অটোরিকশাগুলো। একই ফুটপাতে চলছে সাধারণ মানুষও। গত বুধবার দুপুর দেড়টায় দেখা যায়, এলিমেন্টারি স্কুল ছুটি হয়েছে। অনেক শিক্ষার্থী ওই ফুটপাত ধরে হেঁটে গন্তব্যে ফিরছিল। গাড়ি চলাচলের কারণে তাদের পথ চলতে বেগ পেতে হচ্ছিল।

ফাহিম নামের এক শিক্ষার্থী বলে, ‘ফুটপাত দিয়ে রিকশা ও অটোরিকশা যাতায়াত করায় আমাদের চলতে সমস্যা হচ্ছে।’

সড়কের খানাখন্দ এড়াতে অটোরিকশাটি উঠে গেছে ফুটপাতে। ছবিটি গত বৃহস্পতিবার দুপুরে তোলা l প্রথম আলো
সড়কের খানাখন্দ এড়াতে অটোরিকশাটি উঠে গেছে ফুটপাতে। ছবিটি গত বৃহস্পতিবার দুপুরে তোলা l প্রথম আলো

নাসরিন বেগম নামে এলিমেন্টারি স্কুলের এক অভিভাবক বলেন, সড়কটি ভেঙে যাওয়ার পর থেকেই এই ফুটপাত দিয়ে তুলে দিচ্ছে গাড়ি। ফলে ভয়ে ভয়ে বাচ্চা নিয়ে চলতে হয়।

হিজড়া খালের ওপর নির্মিত ফুটপাতটি বেশ চওড়ায় প্রায় আট ফুট। তাই অনায়াসে এর ওপর দিয়ে রিকশা ও অটোরিকশা চলতে পারে। এ দুটি বাহন ফুটপাত ব্যবহার শুরু করায় পায়ে হাঁটার পথ সংকুচিত হয়ে পড়েছে।

ফুটপাত দিয়ে যাওয়ার সময় জানতে চাইলে মো. ইসমাইল নামে এক সিএনজিচালক বললেন, ‘সড়ক যে হারে ভেঙেছে সেখানে যেকোনো মুহূর্তে গাড়ি উল্টে যাবে। তাই বাধ্য হয়ে ফুটপাত দিয়ে চলছি।’

প্রায় একই বক্তব্য দিলেন রিকশাচালক মো. ইলিয়াসও। তিনি বলেন, ‘গর্তে পড়ে রিকশার স্ক্রু ছুটে যাচ্ছে। তাই এদিকে যাই। অল্প জায়গা ঠিক করে দিলে মানুষের এই দুর্ভোগ হতো না।’

জানতে চাইলে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম সড়কটির দুরবস্থার কথা স্বীকার করে বলেন, শহরের বড় বড় সড়কগুলো মেরামতের দিকে আগে দৃষ্টি দিয়েছে করপোরেশন। ঈদের আগে বড় সড়কগুলোর মেরামত শেষ হতে পারে। এরপর এম এম আলী সড়কসহ অন্য সড়কগুলো মেরামত করা হবে।