সড়ক ভাঙাচোরা তাই ভাড়া দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৌরীপুর-হোমনা সড়কের দেড় কিলোমিটার অংশজুড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এতে সড়কে চলাচলকারী গাড়ি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি ভোগান্তি পোহাচ্ছে যাত্রীরা। কিন্তু ক্ষতি পুষিয়ে নিতে ১২ জানুয়ারি থেকে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ করা হয়েছে। এতে যাত্রীরা ভোগান্তির সঙ্গে আর্থিকভাবেও ক্ষতির মুখে পড়ছে।
এলাকাবাসী সূত্র জানায়, কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার, তিতাস, হোমনা, মেঘনা, মুরাদনগর উপজেলার একাংশ এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরবাসীর যাতায়াতের জন্য এটি একমাত্র সড়ক। প্রতিদিন কয়েক শ বাস ও অটোরিকশা এ সড়কে চলাচল করে।
দাউদকান্দির বাড়িকান্দি গ্রামের কামাল উদ্দিন, জিংলাতলী গ্রামের মনির হোসেন, ইছাপুর গ্রামের পায়েল সাহা ও কলেজছাত্রী সূচনা আক্তার বলেন, অটোরিকশাচালকেরা ভাঙা সড়কের অজুহাতে গত ১২ জানুয়ারি থেকে এক কিলোমিটার দূরত্বের জন্য ভাড়া পাঁচ টাকার পরিবর্তে দশ টাকা করেছেন। বাধ্য হয়ে দশ টাকাই দিচ্ছেন তাঁরা।
অটোরিকশাচালক উপজেলার কালাসোনা গ্রামের মনির হোসেন, দোঘরের আলমগীর হোসেন, বানিয়াপাড়া গ্রামের আবু ইউসুফ বলেন, এ সড়ক দিয়ে অটোরিকশা চালাতে গিয়ে দু-এক দিন পরপরই তা বিকল হয়। শরীরও খারাপ হয়। ফলে বাধ্য হয়ে ভাড়া দ্বিগুণ করেছেন বলে জানান এসব চালক।
উপজেলা সিএনজিচালিত অটোরিকশাচালক সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বলেন, ‘ভাড়া বাড়ানোর কথা আমরা শুনেছি। পরে তাঁদের বাড়তি ভাড়া নিতে নিষেধ করা হয়েছে। আমাদের কথা উপেক্ষা করে কোনো চালক ভাড়া বেশি নিতে গিয়ে আইনি সমস্যায় জড়ালে আমরা সুপারিশ করব না।’
কুমিল্লার সড়ক ও জনপথ বিভাগ (সওজ) কার্যালয় সূত্র জানায়, ১৮ কিলোমিটার দীর্ঘ গৌরীপুর-হোমনা সড়কের প্রথম দেড় কিলোমিটার দাউদকান্দিতে পড়েছে। প্রায় দুই বছর আগে সড়কটি সংস্কার করা হয়েছিল। গত বর্ষা মৌসুমে দাউদকান্দির ওই অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গর্ত তৈরি হতে থাকে।
কয়েকজন এলাকাবাসীর অভিযোগ, যথাসময়ে সংস্কার না করায় সড়কটির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। গর্তগুলোতে বৃষ্টির পানি জমে থাকায় সেগুলো আকারে ও সংখ্যায় বাড়ছে। তাঁরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।
সড়কটির ওই অংশের পাশে একটি সরকারি ও একটি কারিগরি কলেজ, দুটি মাধ্যমিক ও দুটি প্রাথমিক বিদ্যালয়, প্রায় ২০টি কিন্ডারগার্টেন, ১০টি মাদ্রাসা, অসংখ্য মসজিদ, নয়টি ব্যাংক, একটি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, সাতটি বেসরকারি হাসপাতাল, পোস্ট অফিস, সাব-রেজিস্ট্রার কার্যালয়, পশু হাসপাতাল ও পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় আছে। সড়কের দুরবস্থায় শিক্ষার্থী, রোগী, কর্মজীবী সবাই ভোগান্তি পোহাচ্ছেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া বলেন, ‘ভাড়া বাড়ানোর ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’
সওজ কুমিল্লার উপসহকারী প্রকৌশলী মাজহারুল হক বলেন, সড়কটি সংস্কারে অর্থ বরাদ্দের জন্য প্রস্তাব দেওয়া আছে। অনুমোদন হলে কাজ শুরু হবে।