সড়ক ভাসছে বৃষ্টি ছাড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম নাখালপাড়ার শাহিনবাগের ৬ নম্বর সড়কে বৃষ্টি ছাড়াই জমে আছে পানি। ময়লা–দুর্গন্ধময় পানি মাড়িয়ে চলতে হচ্ছে এলাকাবাসীকে। ছবিটি গতকাল দুপুরে তোলা l আশরাফুল আলম
পশ্চিম নাখালপাড়ার শাহিনবাগের ৬ নম্বর সড়কে বৃষ্টি ছাড়াই জমে আছে পানি। ময়লা–দুর্গন্ধময় পানি মাড়িয়ে চলতে হচ্ছে এলাকাবাসীকে। ছবিটি গতকাল দুপুরে তোলা l আশরাফুল আলম

জুমার নামাজ মাত্র শেষ হয়েছে। মসজিদ থেকে বের হয়েই বিপত্তিতে পড়ছেন মুসল্লিরা। গত কয়েক দিন বৃষ্টি হয়নি, কিন্তু মসজিদের সামনের সড়ক ভেসে আছে ময়লা-দুর্গন্ধময় পানিতে। রাজধানীর পশ্চিম নাখালপাড়ার শাহিনবাগের বায়তুস সালাম জামে মসজিদের সামনের সড়কের এ চিত্র গতকাল শুক্রবারের। শাহিনবাগের ৬ নম্বর সড়কটিতে বৃষ্টি না হলেও গোড়ালিসমান ময়লা পানি জমে থাকে। আর বৃষ্টি হলে সড়কটি তিন-চার দিন পর্যন্ত হাঁটুপানিতে ডুবে যায়। ময়লা পানি মাড়িয়েই চলতে হয় এলাকার বাসিন্দাদের।
গতকাল দুপুরে দেখা যায়, ৬ নম্বর সড়কের মাঝামাঝি স্থানে পানি জমে আছে। পানিনিষ্কাশনের ম্যানহোল উপচে ময়লা সড়কে চলে এসেছে। কয়েকটি ইট ফেলে পানি পারাপারের ব্যবস্থা করা হয়েছে। মসজিদ থেকে বের হওয়া মুসল্লিরা ইটের ওপর দিয়ে লাফিয়ে লাফিয়ে পার হচ্ছেন। জলমগ্ন এ সড়কটির এক পাশে বায়তুস সালাম জামে মসজিদ (কুয়েতের মসজিদ নামে পরিচিত) ও আরেক পাশে হাজী আবদুল মিয়া হাফিজিয়া মাদ্রাসা। শুক্রবার বলে আশপাশের এলাকা থেকেও লোকজন মসজিদে আসেন নামাজ পড়তে। একাধিক মুসল্লি ক্ষোভ প্রকাশ করে বলেন, পানিনিষ্কাশনের নালাগুলোতে ময়লা জমে বন্ধ হওয়াতেই এই অবস্থা হয়েছে। নালাগুলো সব সময় পরিষ্কার রাখলে এ অবস্থা কমে যাবে। অথচ এত দিনেও সেগুলো পরিষ্কার করার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা আবদুল হামিদ বলেন, তিন-চার মাস ধরে এ সমস্যা বেশি হচ্ছে। বৃষ্টি হলে রাস্তায় জমা ময়লা পানি বাসাবাড়িতে ঢোকে। ওয়ার্ড কাউন্সিলর তো এই এলাকারই লোক। আগেও কমিশনার ছিলেন। এলাকার লোকজন কয়েকবার তাঁকে চিঠি দিয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, মসজিদ সড়কের মতো শাহিনবাগের ৮, ১০, ১২ নম্বর সড়কগুলোও সামান্য বৃষ্টিতেই পানিতে ডুবে যায়। এই সড়কগুলো প্রধান সড়কের চেয়ে অপেক্ষাকৃত নিচু। যে কারণে বৃষ্টির পানি প্রধান সড়ক থেকে নেমে এসে নিচু সড়কের ওপরে জমা হয়। রাস্তায় জমে থাকা পানি বাসার ভেতরেও ঢুকে পড়ে। এতে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে।
শাহিনবাগ এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। বর্তমান ওয়ার্ড কাউন্সিলর শেখ মুজিবুর রহমান এর আগেও এই ওয়ার্ডের কমিশনার ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, রাস্তাটা নিচু হওয়ায় পানি জমে থাকে। এবারের বাজেটে এই রাস্তাটি উঁচু করা এবং পানির নালাগুলো বদলানোর প্রকল্প রাখা হয়েছে। বাজেট পাওয়া গেলে রাস্তাটির সংস্কারকাজ করা হবে। তবে কত দিনে মেরামতকাজ হবে, তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।