সড়ক ভেঙে খালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের কাঞ্চন বাজার-ইমান আলী বাজার সড়ক ভেঙে যাচ্ছে। এতে সড়ক দিয়ে যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে এবং লোকজনের চলাচলেও সমস্যা হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, প্রায় সাড়ে তিন কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির পাকা এক কিলোমিটার অংশের অনেকটাই সড়কের পাশের খালে ভেঙে পড়েছে। কয়েকটি স্থানে সড়কের ভাঙন এমন পর্যায়ে পৌঁছেছে যে সেখানে হাঁটাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির পাশের খালটি স্থানীয় ভুলুয়া নদীর সঙ্গে মিশেছে। যে কারণে নদীর জোয়ার-ভাটার পানি পাশের সড়কে আঘাত করে। এতে কয়েক মাস আগ থেকে সড়কটিতে ভাঙন দেখা দেয়। বর্তমানে কয়েকটি স্থানে সড়কের পাকা অংশের বেশির ভাগ অংশ ভেঙে বিলীন হয়ে গেছে।
সড়কটি দিয়ে মোটরসাইকেল নিয়ে যাতায়াতকারী ইসমাইল হোসেন বলেন, এই সড়কটি দিয়ে সুবর্ণচরের কাঞ্চন বাজার থেকে ইমান আলী বাজার হয়ে অল্প সময়ে লক্ষ্মীপুরের রামগতি যাওয়া যেত। কিন্তু ভাঙনের কারণে বর্তমানে সড়কটি দিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। মোটরসাইকেল নিয়ে যাতায়াতও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চরজব্বার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম মিয়া জানান, বিষয়টি পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে।
সুবর্ণচর উপজেলা প্রকৌশলী মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, কাঞ্চন বাজার-ইমান আলী সড়কটি তিনি দেখে এসেছেন। সড়কটি মেরামত ও রক্ষায় জলবায়ু তহবিলের আওতায় একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিগগিরই প্রকল্পের কাজ শুরু হবে।