সড়ক ভেঙে দিঘিতে, ঝুঁকিতে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালীবাজার থেকে শাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি দিঘির মধ্যে বিলীন হয়ে গেছে। ১৫ বছর ধরে সংস্কার না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো
বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালীবাজার থেকে শাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি দিঘির মধ্যে বিলীন হয়ে গেছে। ১৫ বছর ধরে সংস্কার না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার তোলা ছবি l প্রথম আলো

১৫ বছর সংস্কার না হওয়ায় বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সড়কটি পার্শ্ববর্তী দিঘিতে বিলীন হয়ে গেছে। দিঘিরপাড়ে থাকা সড়কের সামান্য অংশ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০০ সালে কালীবাড়ি বাজার থেকে শাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পৌর কর্তৃপক্ষ এক কিলোমিটার ইটের সড়ক নির্মাণ করে। বিদ্যালয়সহ ওই মহল্লার লোকজনের যাতায়াতের জন্য এটিই একমাত্র সড়ক। সে সময় পৌর কর্তৃপক্ষ সড়কটি পাকা করার ঘোষণা দেয়। কিন্তু দীর্ঘ ১৫ বছরে পাকা করা তো দূরের কথা, সংস্কারের অভাবে সড়কটিই হারিয়ে গেছে।
স্থানীয় মো. আকবর হোসেন, জামাল সরদারসহ অনেকেই জানান, সংস্কার না হওয়ায় ধীরে ধীরে সড়কটি ভাঙতে থাকে। গত বর্ষায় সড়কটি পুরোপুরি ১২ থেকে ১৪ ফুট গভীর দিঘির মধ্যে বিলীন হয়ে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির পুরো অংশই এখন পানির নিচে। সড়ক রক্ষায় প্যালাসাইডিং খুঁটিগুলো দাঁড়িয়ে আছে। সড়কের মাটি দিঘিতে চলে যাওয়ায় এখন সড়কের সামান্য অংশটি দিয়ে যাতায়াত করতে হয়। সামান্য বৃষ্টি হলেই পথটি কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে যায়। জীবনের ঝুঁকি নিয়ে তখন শিশুরা বিদ্যালয়ে আসা-যাওয়া করে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী দীনা আক্তার, সাকিব সরদার ও তানিয়া আক্তার বলেনন, ‘রাস্তা দিয়া আসতে মোগো ভয় লাগে। পা ফসকালেই দিঘির মধ্যে মোরা হারায়ে যামু।’
অভিভাবক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আবদুল মোল্লা ও মো. জসিম উদ্দিন বলেন, ওই সড়ক দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করায় যেকোনো সময় শিক্ষার্থীদের প্রাণহানি ঘটতে পারে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন হাওলাদার জানান, তাঁরা সড়কটি পুনর্নির্মাণের জন্য বহুবার পৌর কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি। জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের জন্য পৌর মেয়রের কাছে ১২ জানুয়ারি আবেদন জানানো হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী সরদার। গৌরনদী পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান হারিছ বলেন, পৌরসভার উন্নয়নের জন্য সংিশ্লষ্ট মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই সড়কটি সংস্কার করা হবে।