ব্রাহ্মণবাড়িয়ার ফেরিঘাট-বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের বাঞ্ছারামপুর উপজেলার চরছয়ানীতে বৃষ্টির পানির তোড়ে রাস্তা ভেঙে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে গত তিন দিন ধরে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের বাঞ্ছারামপুরের চরছয়ানী গ্রামে গত এক সপ্তাহের মধ্যে বিভিন্ন সময়ে বৃষ্টির পানির তোড়ে ১২ ফুট প্রস্থের পাকা রাস্তার প্রায় ১০ ফুট অংশ ভেঙে যায়। এতে গত বৃহস্পতিবার থেকে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প হিসেবে সরু ও ভাঙাচোরা বাঞ্ছারামপুর-কানাইনগর এবং ফেরিঘাট-উজানচর সড়ক দিয়ে যানবাহন চলাচল করছে। ভেঙে যাওয়ার তিন দিনেও রাস্তা মেরামত না করায় ক্ষোভ প্রকাশ করেছেন ওই পথে চলাচলকারী যানবাহনের চালক, যাত্রী ও পথচারীরা।
পিকআপচালক মো. রমজান আলী বলেন, ‘প্রতিদিন মালপত্র আনতে ট্রাক লইয়া ঢাকা যাওয়া-আসা করা লাগে। রাস্তা বন্ধ হইয়া যাওয়ায় অনেক ঘুইরা যাওয়া-আসা করতে হয়। তিন দিন ধইরা রাস্তা বন্ধ, কিন্তু রাস্তাডা ঠিক করার লাইগা কেউ কাজ করে নাই।’
সড়ক ও জনপথ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপবিভাগীয় প্রকৌশলী মো. আমির হোসেন গতকাল দুপরে প্রথম আলোকে বলেন, রাস্তার দুরবস্থার কথা জেনে দ্রুত মেরামত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ (গতকাল শনিবার) সারা দিন কাজ করলে তা সম্পন্ন করা যাবে এবং যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে।