সড়ক যোগাযোগ ঠিক রাখতে প্রকৌশলী ও কর্মকর্তাদের ছুটি বাতিল
ঈদুল ফিতর পর্যন্ত মাঠপর্যায়ে কর্মরত সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এবং যোগাযোগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-প্রকৌশলীদের ছুটি বাতিল করা হয়েছে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান বর্ষা মৌসুমে সড়ক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা, অগ্রাধিকার নির্ধারণ এবং ঈদে ঘরমুখো মানুষের চলাচল সহজতর করতে আগাম প্রস্তুতিমূলক জরুরি সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের এ সময় কর্মকর্তা ও প্রকৌশলীদের সার্বক্ষণিক কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দেন। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিয়ে জরুরি প্রয়োজনে ছুটি নেওয়া যাবে বলে মন্ত্রী জানান। যোগাযোগমন্ত্রী বলেন, সড়ক যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে ভ্রাম্যমাণ দল কাজ করবে। এই দলের সঙ্গে ট্রাকভর্তি নির্মাণসামগ্রী থাকবে এবং সড়ক-মহাসড়কে গর্ত হলে সঙ্গে সঙ্গে তা ভরাট এবং ফাটল তৈরি হলে মেরামত করা হবে। যেকোনো সড়কে পানি জমলে তা দ্রুততার সঙ্গে নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জরুরি মেরামত কার্যক্রম ও ভ্রাম্যমাণ দলের কাজ তদারকের জন্য যোগাযোগ মন্ত্রণালয়ে ১৯টি তদারকি দল গঠন করা হয়েছে। সভায় সড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্করসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সড়ক নিরাপত্তায় উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি হচ্ছে: বৈঠকে ওবায়দুল কাদের বলেন, দেশের সড়কব্যবস্থার নিরাপত্তা রক্ষায় একটি মন্ত্রিসভা কমিটি হচ্ছে। এই কমিটিতে যোগাযোগমন্ত্রীসহ সরকারের ১০ জন মন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সচিবসহ ১২ জন সচিব থাকবেন। এই কমিটি জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়কে থাকা অবৈধ হাটবাজার ও স্থাপনা উচ্ছেদ, নছিমন-করিমন-ভটভটি চলাচল বন্ধ এবং দুর্ঘটনা রোধে কাজ করবে। শিগগিরই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে এই কমিটি কাজ শুরু করবে।’