সড়ক সংস্কার না করায় জনদুর্ভোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জের উলাল মিয়ারটেক-চৌধুরীরহাট সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না। এতে স্থানীয় বাসিন্দারা ভোগান্তির শিকার হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, মাওলানা মমতাজ উদ্দিন সড়ক নামে পরিচিত সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ ওই সড়কের বেশির ভাগ পিচের আস্তরণই (কার্পেটিং) উঠে গেছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ ও বড় বড় গর্তের। কয়েকটি স্থানে সড়ক ভেঙে পড়েছে পাশের পুকুর ও ডোবায়।
স্থানীয় বাসিন্দারা বলেন, কোম্পানীগঞ্জ-দাগনভূঞা সড়কের উলাল মিয়ারটেক থেকে কোম্পানীগঞ্জের চৌধুরীরহাট যাওয়ার বিকল্প পথ হিসেবে এ সংযোগ সড়কটি নির্মাণ করা হয়। সড়কটি দিয়ে কোম্পানীগঞ্জের সিরাজপুর এলাকার লোকজন ছাড়াও দাগনভূঞার দুধমুখা এলাকার লোকজন সহজে চৌধুরীহাটে যাতায়াত করেন।
স্থানীয় লোকজন জানান, প্রায় ১০ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে সড়কে সর্বশেষ পিচের আস্তরণ দেওয়া হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও সড়কটির কোনো সংস্কার করা হয়নি। এতে সড়কের বেশির ভাগ অংশই এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
পশ্চিম মোহামঞ্চদনগর গ্রামের বাসিন্দা ও স্থানীয় মসজিদের ইমাম আহমঞ্চদ উল্লা প্রথম আলোকে বলেন, সড়কটি দিয়ে স্থানীয় মানিকপুর উচ্চবিদ্যালয়, দুধমুখা উচ্চবিদ্যালয়, পশ্চিম মোহামঞ্চদনগর প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের এলাকার আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের সংস্কার না হওয়া সবাইকে যাতায়াতের সময় ভোগান্তির শিকার হতে হয়।
স্থানীয় আবদুল বারেক বললেন, সংস্কার না হওয়ায় এ সড়ক দিয়ে যানবাহন এখন ঢুকতে চায় না। এতে সড়কের আশপাশের বাসিন্দাদের দুর্ভোগ বেড়ে গেছে।
সড়কটির দুরবস্থার কথা স্বীকার করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, সড়কটি সংস্কারের বিষয়টি পরিকল্পনার মধ্যে রয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে সরকারি অর্থ বরাদ্দ প্রাপ্তির ওপর।