সড়ক সংস্কার না করায় দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের একটি সড়কে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। ফলে এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ২২টি গ্রামের প্রায় ৩৫ হাজার লোক দুর্ভোগ পোহাচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সড়কটি সংস্কার হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন।
এলাকার কয়েকজন জানান, সড়কটি ধরমপাশার গাবী গ্রাম থেকে মির্জাপুর গ্রামের সামনের সড়কের মোড় পর্যন্ত চলে গেছে। এর দৈর্ঘ্য দুই কিলোমিটার। ৮-১০ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এটি নির্মাণ করে। এই সড়ক দিয়ে সেলবরষ ইউনিয়নের খলাপাড়া, কাকিয়াম, গাবী, শরিশ্যাম, মির্জাপুর, বাহিরকান্দা, বেরীকান্দি, লক্ষ্মীপুর; পাইকুরাটি ইউনিয়নের নওধার, বৌলাম, চকিয়াচাপুর, বালিজুড়ী, জিংলীগড়া, সুনই, দাসপাড়া এবং নেত্রকোনার বারহাট্টার সিংধা ইউনিয়নের গেইরা, বোয়ালী, তেলিগুড়ি, চন্দ্রপুর, ভাটগাঁও, কান্দাপাড়া, জীবনপুরসহ আশপাশের এলাকার লোকজন চলাচল করেন। রিকশা, ভটভাটি, অটোরিকশা, মোটরসাইকেল দিয়ে মালামাল ও যাত্রী পরিবহন করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের কয়েকটি গ্রামের লোকজন এই সড়ক দিয়ে বারহাট্টা সদর হয়ে ময়মনসিংহ ও দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। বিভিন্ন স্থানে গর্ত থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বৃষ্টি হলে সড়কের গর্তে পানি জমে যায়। এতে তাঁদের ভোগান্তি আরও বেড়ে যায়।
২১ জুলাই সরেজমিনে দেখা যায়, ওই সড়কের বেশির ভাগ স্থানেরই পিচঢালাই উঠে গেছে। এতে ইটের খোয়া দেখা যাচ্ছে। ২০-৩০টি গর্তে পানি জমে রয়েছে।
বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আল মুজাহিদ, বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আইরিন আক্তার ও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী সুপ্তা বেগমসহ আরও অনেকে বলেন, এই সড়ক দিয়ে তাঁদের গন্তব্যস্থলে যেতে হয়। দুই বছর ধরে সড়কটির বেহাল দশা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদাসীন। দ্রুত সড়কটি সংস্কার করা প্রয়োজন।
ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক হাবিরুল মিয়া বলেন, ওই সড়ক দিয়ে বছর দুয়েক আগেও আধা ঘণ্টায় বারহাট্টা যাওয়া যেত। এখন এক ঘণ্টা সময় লাগে। এই সড়কে তাঁদের ঝুঁকি নিয়ে যান চালাতে হয়।
শরিশ্যাম গ্রামের বাসিন্দা নয়ন চন্দ্র দাস বলেন, ‘এইডা মেরামত করার লাইগ্যা কারও কুনু নজর নাই। অথচ এইডার ওফুর ধরমপাশাসহ পাশের উপজেলার ২২টি গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ চলাচল করে।’
সেলবরষ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলী আমজাদ বলেন, সড়কটি দ্রুত মেরামত করা প্রয়োজন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
উপজেলা প্রকৌশলী মো. নূরুল আলম চৌধুরী বলেন, চলতি অর্থবছরে এটি মেরামতের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুনামগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমেদ বলেন, খোঁজ নিয়ে এ সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘সড়কটি গুরুত্বপূর্ণ। জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করতে এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।’