সড়ক সংস্কার না করার প্রতিবাদ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত মঙ্গলবার সড়ক সংস্কারের দাবিতে সড়কের কাদায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছেন এলাকাবাসী।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলার কলসপাড় ইউনিয়নের পাঁচগাঁও বাজার থেকে উত্তর চাঁদগাঁও বাজার পর্যন্ত তিন কিলোমিটার কাঁচা সড়ক বেহাল। বিশেষ করে প্রতি বর্ষায় এ সড়কে চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়েন। এ সময় বৃষ্টির পানি সড়কটির গর্তগুলোতে জমে কাদার সৃষ্টি হয়। এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার জনপ্রতিনিধিদের এ বিষয়ে জানানো হলেও কোনো কাজ হয়নি। এই সড়ক দিয়ে চাঁদগাঁও, নয়াপাড়া, আমলাতলী, কৃষ্ণপট্টি মাইটাল, পালপাড়া, সাগরদি, চকবাড়ি গ্রামের প্রায় ১৫-১৬ হাজার মানুষ উপজেলা সদর ও জেলা শহরে যাতায়াত করেন। এসব গ্রামে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে এই সড়কের কোনো বিকল্প পথ নেই। তাই প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষকসহ গ্রামবাসী কাদা মাটির এই সড়কে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। এলাকাবাসী সড়কটি সংস্কারের দাবিতে গত মঙ্গলবার বিকেলে সড়কের কাদায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানান। এ সময় তাঁরা সড়কটি সংস্কারের জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।
মঙ্গলবার বিকেলে সরেজমিনে দেখা যায়, ওই তিন কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে গর্তে পানি জমে কাদার সৃষ্টি হয়েছে। সড়কের প্রায় এক কিলোমিটারে কাদায় ধানের চারা রোপণ করা হয়েছে।
চাঁদগাঁও গ্রামের মো. সামিদুল হক (৬০) বলেন, ‘প্রতিবছর বর্ষাও সুমু এই সড়কে চলাচলকারীরা বিরাট কষ্ট করে। চেয়ারম্যান মেম্বরগেও বহুবার কওয়া অইছে। কিন্তু কোনো কাম অইছে না। আমরা চাই এই সড়কটার একটা বিহিত অয়ুক।’
পাঁচগাঁও গ্রামের কৃষক মো. আবদুল্লাহ (৫৫) বলেন, ‘পায়ের জুতা হাতে লইয়া এই সড়ক দিয়া চলুন লাগে। এই সড়ক দিয়া লোকজন যায় আর চেয়ারম্যান মেম্বরগরে গালিগালাজ কেও ক্ষুভ প্রকাশ করে।’
পাঁচগাঁও বাজারের পল্লিচিকিৎসক মো. ফারুক আহম্মেদ জানান, ‘এই সড়কের জন্য শিক্ষক, শিক্ষার্থীসহ আটটি গ্রামের মানুষ নিদারুণ কষ্ট করে। তাই সড়কটি সংস্কারের দাবিতে আমরা গ্রামবাসী মিলে সড়কের কাদায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছি। মানুষ জানুক আমরা কতটা অবহেলিত।’
চাঁদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবদুল হালিম বলেন, ‘সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় প্রতিদিন পাঁচগাঁও বাজারে মোটরসাইকেল রেখে দেড় কিলোমিটার কাদা মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয়। সড়কটির জন্য শিক্ষার্থীসহ গ্রামবাসী অনেক কষ্ট করেন। আমরা সড়কের সংস্কার চাই।’
কলসপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আবদুল করিম বলেন, ‘সড়কটির খুবই খারাপ অবস্থা। এই বছর চার হাজার টাকার বালু ফেলেছি। কিন্তু কোনো কাজ হয় নাই। সড়কটির জন্য মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান বলেন, ‘সড়কটির এত বাজে অবস্থা কেউ আমাদের জানায়নি। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’