সংস্কারকাজ শুরু করার কিছুদিনের মধ্যেই রংপুরের পীরগঞ্জের বড়দরগা-মাদারগঞ্জ সড়কের কিছু অংশের পিচঢালাই উঠে গেছে। সংস্কারের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন। এ অবস্থায় এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী রাস্তাটি পরিদর্শন করে পিচঢালাই তুলে ফেলার নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পীরগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, জাপানি দাতা সংস্থা জাইকার অর্থায়নে নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্টের (নবিদেপ) অধীনে বড়দরগা-মাদারগঞ্জ ১৪ কিলোমিটার পাকা রাস্তাটি সংস্কার করা হচ্ছে। গত বছর এপ্রিল মাসে মেসার্স পিটি অ্যান্ড এমআর জেবি নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ওই কাজ পায়। সড়কের ১৩ দশমিক ৭৬০ কিলোমিটার কার্পেটিং ও সড়কের উভয় পাশে দুই ফুট করে বর্ধিতকরণসহ সংস্কারকাজে জাইকা ছয় কোটি তিন লাখ টাকা বরাদ্দ দেয়। বরাদ্দ করা অর্থের ৫ শতাংশ কমে ঠিকাদারি প্রতিষ্ঠানটির সঙ্গে ৫ কোটি ৭৩ লাখ ১ হাজার ২৩৯ টাকায় কাজটি করার চুক্তি হয়।
তবে পাহাড়পুর এলাকার স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় স্থানীয় জনতা কাজটি বন্ধ করে দেয় এবং বিষয়টি এলজিইডিকে জানায়। কিন্তু ওই কার্যালয় কোনো ব্যবস্থা নেয়নি। এ অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠান আবারও কাজ শুরু করে। একপর্যায়ে এক মাস যেতে না যেতেই পিচঢালাই উঠে যেতে শুরু করে। এরপর স্থানীয় লোকজন বিভিন্ন মাধ্যমে বিষয়টি এলজিইডির ঢাকা কার্যালয়ে জানায়।
উপজেলা প্রকৌশলী মজিবার রহমান বলেন, ২ মে ঢাকা থেকে এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী ও নবিদেপের পরিচালক এনায়েত উল্লাহ ওই সড়কের কাজ পরিদর্শনে আসেন। তাঁরা সরেজমিনে এসে দেখেন, ওই সড়কে তিন স্তরে ইট, বালু ও খোয়া দেওয়ার সময় নিম্নমানের খোয়া ব্যবহার করা হয়েছে। আর পিচঢালাইয়ের কাজে নিম্নমানের পাথর ব্যবহার করা হচ্ছে। সেই সঙ্গে পিচও কম ঢালা হয়েছে। এসব দেখে তিনি পরে সড়কের এক কিলোমিটার পিচঢালাই তুলে ফেলার নির্দেশ দেন।
৫ মে জাইকার ওই প্রকল্পের মান নিয়ন্ত্রক (কোয়ালিটি কন্ট্রোলার) আবদুর রাজ্জাক, আবাসিক প্রকৌশলী বিজয় কুমার, মাঠ প্রকৌশলী (ফিল্ড ইঞ্জিনিয়ার) মঞ্জু মিয়া, এই কাজের তদারকি কর্মকর্তা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী আলতাব হোসেন উপস্থিত থেকে ১৪ কিলোমিটার সড়কের পাহাড়পুর এলাকায় ৮০০ মিটার কার্পেটিং তুলে ফেলেন। বর্তমানে কাজ বন্ধ রয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পিটি অ্যান্ড এমআর জেবির মালিক মশকুর রহমান বলেন, ‘এখানে কোনো কাজের অনিয়ম করা হয়নি। এখানকার মাটির কারণে সড়কের কার্পেটিংয়ের কাজ করতে গিয়ে পরে ফুলে ওঠে। কার্পেটিং তুলে ফেলায় আমার ২৫ থেকে ৩০ লাখ টাকা ক্ষতি হবে।’