সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মিরুখালী-আমুয়া সড়কের সংস্কারকাজে অনিয়মের অভিযোগ ওঠেছে৷ সংশ্লিষ্ট ঠিকাদার সড়কে অর্ধেকেরও কম ইটের খোয়া বিছিয়ে এবং বেশি করে বালু ফেলে সংস্কার করছেন৷
কাজে অনিয়মের প্রতিবাদে গতকাল মঙ্গলবার ওই সড়কের মিরুখালী সেতুসংলগ্ন এলাকায় স্থানীয় দুটি বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধন করেন৷
জানা গেছে, মিরুখালী-আমুয়া এইচজিবি (ইটের তৈরি) সড়কের মিরুখালী সেতু থেকে এক হাজার ৮০০ মিটার সড়ক সাববেইজ (ইটের খোয়া ও বালুর তৈরি) কাজের জন্য গত ২০ জানুয়ারি দরপত্র আহ্বান করা হয়৷ গত ৬ ফেব্রুয়ারি পটুয়াখালীর ‘মেসার্স আল মামুন এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়৷ এ কাজের জন্য ছয় লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়৷ এ ছাড়া প্রতিষ্ঠানটি সড়কে ব্যবহৃত পুরোনো ইট বিক্রি করে সংস্কারকাজে ব্যবহার করবে বলে কার্যাদেশে বলা হয়৷ কিন্তু প্রতিষ্ঠানটি কাজ না করে পিরোজপুরের বাহাদুর ও শামীম নামের দুই ঠিকাদারের কাছে বিক্রি করে দেয়৷ কাজটি ৪০ দিনের মধ্যে শেষ করার কথা থাকলেও দুই ঠিকাদার পারেননি৷ চার মাসে মাত্র ৩০ শতাংশ কাজ শেষ করতে পেরেছেন৷
গতকাল বেলা ১১টার দিকে সড়কের মিরুখালী সেতু এলাকায় দেখা যায় শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন৷ মিরুখালী গ্রামের নাসির শরিফ অভিযোগ করেন, চার ইঞ্চি পুরু করে ইট-বালু বিছানোর কথা৷ এর মধ্যে ইট থাকবে ৬০ শতাংশ৷ কিন্তু ঠিকাদারেরা ৩০ শতাংশের কম ইট বিছিয়ে বেশি করে বালু ফেলে রোলার দিয়ে সড়ক তৈরি করছেন৷ তাঁরা নিম্নমানের কাজ করছেন৷ অন্যদিকে কাজ শেষ না হতেই সড়কটির কয়েক লাখ ইট তুলে স্থানীয় ব্যক্তিদের কাছে বিক্রি করে দিয়েছেন৷
মিরুখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পারভেজ তালুকদার বলেন, রাস্তার কাজের মান খুবই খারাপ৷ বালুর সঙ্গে সামান্য কিছু খোয়া দিয়ে ভরাট করা হচ্ছে৷ এতে বর্ষায় সড়কে গর্ত হয়ে যাবে৷
সড়কটি ঘুরে নিম্নমানের কাজের সত্যতা পাওয়া গেছে৷ যেটুকু কাজ হয়েছে, সব জায়গায় সামান্য ইট ফেলে বালু দিয়ে ভরাট করা হয়েছে৷
ঠিকাদার বাহাদুর হোসেন নিম্নমানের কাজ করার অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি বলেন, ‘প্রাক্কলন থেকে সড়কের পুরোনো ইট বাদ দেওয়া হয়েছে৷ এ কারণে পুরোনো ইট বিক্রি করতে বাধা নেই৷’
পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ঠিকাদার সঠিকভাবে কাজ করছেন৷ বিস্তারিত ফোনে বলা যাবে না৷ আমার কার্যালয়ে এলে তখন বলব৷’