সড়ক সংস্কারের পরই বৃষ্টিতে ধুয়েমুছে নষ্ট
সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে গত সপ্তাহে বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের প্রায় ২০ কিলোমিটারের সংস্কারকাজ করা হয়েছে। কিন্তু এরপর এক দিনের বৃষ্টিতে সেসব ধুয়েমুছে আবার নষ্ট হয়ে গেছে।
সংস্কারের পরপরই বৃষ্টির পানিতে সড়কের পিচ-পাথর উঠে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বগুড়া সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানান, খানাখন্দগুলো সংস্কার করার জন্য আবার উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই সব ঠিক হয়ে যাবে।
গত রোববার বিকেলে শহরের হাজীপুর ও কলেজ রোড এলাকায় দেখা যায়, যেসব স্থানে কয়েক দিন আগে সংস্কারের জন্য পিচ-পাথর বসানো হয়েছিল বৃষ্টির পানিতে সেগুলো ধুয়ে উঠে যাওয়ায় ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে।
শহরের হাজীপুর এলাকার জাহাঙ্গীর হোসেন জানান, সওজ বিভাগের উদ্যোগে গত সপ্তাহে সড়কের খানাখন্দগুলোয় পিচ-পাথর বসানো হয়। কিন্তু গত শনিবার রাতে বৃষ্টিতে সেসব পিচ-পাথর উঠে আবার গর্তের সৃষ্টি হয়েছে। মহাসড়কে ভারী যানবাহন চলাচলে গর্তগুলো ক্রমেই বড় হতে চলেছে। কলেজ রোড এলাকার ব্যবসায়ী গনেশ সরকার জানান, এভাবে সংস্কারকাজ করা হলে শুধু সরকারি টাকা ব্যয় হবে। স্থায়ী সমাধান হবে না। ট্রাকচালক আমজাদ হোসেন জানান, এখনই মহাসড়কের খানাখন্দগুলো স্থায়ীভাবে সংস্কার করা না হলে বৃষ্টির পরিমাণ বেড়ে গেলে মহাসড়কের গাড়ি চলাচলে দুর্ভোগ আরও বাড়বে।
বগুড়া সওজ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী কামরুল হাসান জানান, শেরপুর উপজেলাসহ পাশের শাজাহানপুর উপজেলা এলাকায় মহাসড়কের ওপর নতুন করে স্থায়ী পাকাকরণ প্রয়োজন। এ জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।