সড়কজুড়ে গর্ত আর গর্ত
সড়কজুড়ে ছোট-বড় বহু গর্ত। একটা গর্ত থেকে বাঁচতে গেলে আরেক গর্তে রিকশা-গাড়ির চাকা পড়ছে। ঘটছে দুর্ঘটনা। বেশ কয়েক মাস ধরেই এ অবস্থা মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান সড়কটির (সাবেক সেন্ট্রাল রোড)। এ সড়ক দিয়ে রিকশা, অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চালাতে গিয়ে চালকেরা হিমশিম খাচ্ছেন।
এই সড়ক দিয়ে নিয়মিত চলাচলকারী মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকার ব্যবসায়ী জুলফিকার আলী ভুট্টো গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘এই রাস্তা দিয়ে আমি মোটরসাইকেল নিয়ে চলতে রীতিমতো ভয় পাই। কখন গর্তে চাকা পড়ে, সেই আতঙ্কে থাকি।’
রিকশাচালক ইয়াছিন আলী (৩০) প্রথম আলোকে বলেন, ‘এই রাস্তার খুব সমস্যা। কখন যে রিকশা গর্তে পড়ে। এ জন্য সব সময় সতর্ক থাকি। তবু কত সতর্ক থাকা যায়। ছোট-বড় কত গর্ত। এতে গাড়ির (রিকশা) শিক ভাঙছে। রিং বাঁকা হচ্ছে।’ এ ছাড়া প্রায়ই টমটম (ব্যাটারিচালিত অটোরিকশা) গর্তে পড়ে নষ্ট হচ্ছে। গতকাল দুপুর ১২টার দিকে সড়কের খামারবাড়ি (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের কার্যালয়) এলাকায় একটি টমটমের সামনের চাকার অংশ ভেঙে রাস্তায় মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীবাজার শহরের ব্যস্ততম এই সড়কের পশ্চিম বাজার, পশ্চিম বাজার খেয়াঘাট পয়েন্টের পশ্চিম এলাকা, খামারবাড়ি এলাকা, সোনালী ব্যাংক এলাকাসহ বিভিন্ন স্থানে অনেক দিন ধরে ছোট-বড় বহু গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে পানি জমে এই গর্তগুলো প্রতিদিন বেড়েই চলছে।
মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম গতকাল রাস্তার বেহাল অবস্থার বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘বৃষ্টির জন্য কাজ করাতে পারছি না। বৃষ্টির মধ্যে কাজ করলে তা টিকবেও না। আপাতত গর্তে ইটের খোয়া ফেলার কথা চিন্তা করা হচ্ছে।