সড়কজুড়ে গর্ত আর পানি

সড়কের পিচ উঠে গেছে অন্তত সাত বছর আগে। সড়কের ইট, সুরকিরও হদিস নেই। রয়েছে অসংখ্য গর্ত। গত ১৫ দিনের অবিরাম বর্ষণে সড়কের এসব গর্তের মধ্যে কাদা ও পানি জমে আছে। তাই এ সড়ক দিয়ে হাঁটাই দায় হয়ে পড়েছে। এ চিত্র কুমিল্লা নগরের দৌলতপুর-শাসনগাছা সড়কের।
এই সড়ক দিয়ে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ২৭ হাজার শিক্ষার্থী ক্লাসে যায়। এ ছাড়া নগরের টমছম ব্রিজ থেকে শাসনগাছা বাস টার্মিনালে যাতায়াতের সড়কও এটি। কিন্তু সড়কটির দুরবস্থার কারণে কলেজের শিক্ষার্থীসহ প্রায় ৫০ হাজার মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছে।
ওই কলেজ ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, ষাটের দশকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর (দক্ষিণ) ইউনিয়নের ধর্মপুর এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখা চালু হয়। বর্তমানে এখানে স্নাতক (সম্মান), ডিগ্রি পাস কোর্স ও স্নাতকোত্তর শ্রেণিতে ২০টি বিষয়ে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এ ছাড়া এ কলেজে ১৫৮ শিক্ষক ও শতাধিক কর্মচারী রয়েছেন। তাঁরা প্রতিদিন ওই সড়ক দিয়েই কলেজে যাতায়াত করেন। এ ছাড়া ধর্মপুর, দৌলতপুর ও শহরতলির পশ্চিম এলাকার বাসিন্দারা এক কিলোমিটারের এ সড়ক ব্যবহার করছে। সাত বছর ধরে এ সড়কে কোনো সংস্কারকাজ হয়নি।
গত শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, শহরতলির দৌলতপুর টিঅ্যান্ডটি টাওয়ার থেকে শাসনগাছা পর্যন্ত সড়কের দেড় কিলোমিটারে অন্তত ৫০টি গর্ত রয়েছে। কলেজের রসায়ন ভবনের পশ্চিম পাশের এলাকায় দেখা গেছে সড়কের মধ্যে হাঁটুসমান পানি। নজরুল হলের সামনের অংশ, কলা ভবনের প্রধান ফটকের সামনেও দৌলতপুর টিঅ্যান্ডটি মোড়ে সড়কের বড় গর্তে পানি থইথই করছে। ধর্মপুর মোড় থেকে রেলক্রসিং পর্যন্ত রয়েছে অর্ধশতাধিক গর্ত। এ সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে সীমিত যানবাহন চলাচল করছে। হাঁটতে পারছেন না শিক্ষার্থীরা।
কলেজের নবাব ফয়জুন্নেছা ছাত্রীনিবাসের শিক্ষার্থী তাসনিম তাবাসসুম বলেন, হল থেকে বের হয়ে শহরে যেতে হলে পানি ও কাদাযুক্ত সড়ক মাড়িয়ে যেতে হয়। বছরের পর বছর এ অবস্থা বিরাজ করছে। কিন্তু এ সড়ক সংস্কার হচ্ছে না।
ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের অন্তত ১০ জন নাট্যকর্মী বলেন, দুই বছর আগে সড়ক সংস্কারের জন্য মানববন্ধন করা হয়েছে। অধ্যক্ষ মহোদয় বেহাল সড়ক নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। অতি বর্ষণ হওয়া ও নালা না থাকায় সড়কে পানি জমে দিনের পর দিন গর্তের সৃষ্টি হয়েছে।
আদর্শ সদর উপজেলা প্রকৌশলী মো. বেলাল হোসেন বলেন, এ সড়কটি ভালোভাবে মেরামত করার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারি মাসে ওই সড়ক মেরামতের কাজ শুরু হবে।
কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশীদ বলেন, ‘শিগগিরই সড়কটি সংস্কার করা হবে বলে আশ্বাস পেয়েছি। সড়ক সংস্কার হয়ে গেলে শিক্ষার্থীদের আর দুর্ভোগ পোহাতে হবে না।’