সড়কে বা গলিপথে ইট, বালু, রড বা অন্য যেকোনো নির্মাণসামগ্রী রাখলে তা তুলে নিয়ে যেতে পারবে সিটি করপোরেশন। যেকোনো ব্যক্তিমালিক বা প্রতিষ্ঠান—সবার ক্ষেত্রেই এটি প্রযোজ্য। ঢাকা সিটি করপোরেশনের বিধানে এই বিষয়টি রয়েছে। কিন্তু বাস্তবে তা হচ্ছে না।
রাস্তায় যে অবাধে নির্মাণসামগ্রী রাখা হচ্ছে, এমনকি রাস্তার ওপরই বিশাল মেশিনে বিকট আওয়াজ তুলে সিমেন্ট-বালু-কংক্রিটের মিশ্রণ হচ্ছে, তা দেখা গেল গোপীবাগ এলাকায়। রাস্তা সরু হলেও ১০ তলা বহুতল ভবন নির্মিত হচ্ছে। গতকাল সোমবার সরেজমিনে এমন দৃশ্য দেখা যায় গোপীবাগ দ্বিতীয় গলির (লেন) বিপরীত দিকের রাস্তায়। রাস্তাটি চওড়ায় ২০ ফুট। সেখানে পাশাপাশি চারটি বহুতল ভবন নির্মিত হচ্ছে। এর মধ্যে দুটি হচ্ছে কিন্ডারগার্টেনের। আবাসিক এলাকায় স্কুল নির্মাণ নিষিদ্ধ হলেও এখানে দুটি ভবনমালিকই তা মানছেন না। সিটি করপোরেশন থেকে এ বিষয়ে তাঁদের কোনো জিজ্ঞাসাবাদও করা হচ্ছে না। এলাকাবাসীর মতে, এখানে ১০ তলা দুটি শিক্ষাপ্রতিষ্ঠান হলে যানবাহন এবং পথচারীর চলাচল কঠিন হয়ে যাবে। কারণ, স্কুল ছাড়াও ভবনের বিভিন্ন তলায় বাণিজ্যিক কার্যক্রম চলবে, এটা তাঁরা জানতেন পেরেছেন।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এলাকায় গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ভবনগুলোর সামনে রাস্তার প্রায় এক-চতুর্থাংশ জায়গাজুড়ে ভাঙা ইটের স্তূপ। পাশে তিন সারিতে রাখা বালু। একটি মিক্সচার মেশিনে তৈরি হচ্ছে ইট-বালু আর সিমেন্টের মিশ্রণ। নির্মাতাপ্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক পরিচয়দানকারী আবদুর রশীদ বললেন, ‘ঢাকা শহরে সবাই এভাবেই বাড়ি বানায়। আপনি কি নতুন দেখছেন?’
পাশের নির্মাণাধীন ভবনের শ্রমিক সরদার তাঁর নাম বলেননি। তবে জ্ঞানের কথা বলেছেন, ‘বাচ্চারা পড়ব, তাগো মইদ্দে শিক্কা বিতরণের জইন্য বিল্ডিং উঠতাছে। রাস্তায় কাজ কইরলে ক্ষতি নাই।’
ভবনগুলোয় টানা কাজ চলার কারণে রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গেছে। এমনকি কোথাও কোথাও পানির পাইপলাইনে ফাটলও ধরেছে। বৃষ্টি না হলেও রাস্তায় জমে আছে পানি।
স্থানীয় একটি মনিহারি দোকানের কর্মচারী দিলদার বললেন, এই রাস্তায় নিয়মিত রিকশা ও মোটরসাইকেল উল্টে পড়ার ঘটনা ঘটছে। জমে থাকা পানির নিচে ভাঙা রাস্তা দেখা যায় না। সিটি করপোরেশনের কোনো লোকজনও এসব দেখতে আসেন না।
জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নূরুল আমিন বলেন, রাস্তায় নির্মাণসামগ্রী রাখা বেআইনি হলেও অনেকেই তা মানেন না। সিটি করপোরেশন এদের বিরুদ্ধে মাঝে মাঝে ব্যবস্থাও নেয়। কিন্তু নির্মাণকারীরা নিজেরাই যদি ঠিক না হয়, অভিযান চালিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। তারপরও এ বিষয়ে জোরালো উদ্যোগ নেওয়া হবে।