সড়কজুড়ে বড় বড় গর্ত ভোগান্তিতে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেড় বছর ধরে সংস্কার না হওয়ায় বরগুনার কাঁকচিড়া-বামনা-বরিশাল সড়কের কাঁকচিড়া-বামনা অংশটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছবিটি গতকাল বামনা অংশের পিপুলিয়া এলাকা থেকে তোলা l প্রথম আলো
দেড় বছর ধরে সংস্কার না হওয়ায় বরগুনার কাঁকচিড়া-বামনা-বরিশাল সড়কের কাঁকচিড়া-বামনা অংশটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ছবিটি গতকাল বামনা অংশের পিপুলিয়া এলাকা থেকে তোলা l প্রথম আলো

বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁকচিড়া-বামনা-বরিশাল সড়কের কাঁকচিড়া-বামনা অংশের ২১ কিলোমিটার সড়ক চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় গত দেড় বছর ধরে চলাচলে মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় অনেকে জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা, চট্রগাম, খুলনা ও বরিশালের বহু বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল করে। পাথরঘাটার মাছবাহী ট্রাকগুলোও এই পথে চলাচল করে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) বরগুনা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে ২ কোটি ৩০ লাখ ৮ হাজার ৫৫৯ টাকা ব্যয়ে এই ২১ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়। তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ করে। কিন্তু নিম্নমানের কাজের কারণে বছর না ঘুরতেই সড়কটি যান চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। গত বর্ষা মৌসুমে অবস্থা আরও খারাপ হয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, বামনা উপজেলার চালিতাবুনিয়া ফেরিঘাট থেকে পিপুলিয়া বাজার পর্যন্ত ২১ কিলোমিটার সড়কজুড়ে গর্ত। এর মধ্যে সড়কের চালিতাবুনিয়া ফেরিঘাট থেকে হাওলাদার বাড়ি পর্যন্ত দুই কিলোমিটার সড়কের পাথর ও পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ঢুষখালী, পশ্চিম সফিপুর, সবদারপুল, সোনাখালী, কালাইয়া, জয়নগর, জাফরাখালী, হোগলপাতি, উত্তর কাকঁচিড়া হয়ে পিপুলিয়া বাজার পর্যন্ত সর্বত্র সড়কের এই বেহাল দশা। সড়কের এই অংশের গর্তগুলোতে প্রায়ই যাত্রী ও পণ্যবাহী গাড়ি আটকে যায়। পণ্যবাহী ট্রাক আটকা পড়লে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
কাঁকচিড়া-বামনা-বরিশাল পথে চলাচলকারী বিআরটিসির একটি বাসের চালক বাহাদুর মিয়া বলেন, সড়কের অবস্থা এতটাই বেহাল যে এই পথ পাড়ি দিতে দুই-আড়াই ঘণ্টা লেগে যায়। প্রায়ই গাড়ি গর্তের মধ্যে আটকা পড়ে। শেষে যাত্রীদের নামিয়ে ঠেলে খাদ দিয়ে তুলতে হয়। প্রায় আট মাস ধরে এমন ভোগান্তির মধ্যে আছেন তাঁরা। এমনকি পথের মধ্যে গাড়ি অকেজোও হয়ে যায়।
বামনার বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদের সদস্য দুলাল চক্রবর্তী প্রতিদিন কাঁকচিড়া থেকে মোটরসাইকেলে করে তাঁর কার্যালয়ে যান। তিনি বলেন, আগে তিনি ২৫ মিনিটে ওই সড়ক পার হতেন। এখন দেড় থেকে দুই ঘণ্টা লেগে যায়।
বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম বলেন, সড়কটি এলজিইডির আওতায় নির্মাণ করা হলেও সম্প্রতি এটি সড়ক ও জনপথ বিভাগকে হস্তান্তর করা হয়েছে। এরই মধ্যে এর গেজেট তৈরি হয়েছে।
এলজিইডির বামনা উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন বলেন, সওজে স্থানান্তর প্রক্রিয়া চলমান থাকায় এই দুই দপ্তরের দোটানায় এখন সংস্কার করা সম্ভব হচ্ছে না।
বরগুনা জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম বলেন, ‘শুনেছি ওই সড়কটি আমাদের কাছে হস্তান্তরের করা হবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো কাগজপত্র আমাদের দপ্তরে আসেনি। তাই সড়কটি সংস্কারে আমরা উদ্যোগ নিতে পারছি না।’