সড়কজুড়ে গর্ত, মানুষের ভোগান্তি

যথাযথভাবে সংস্কার না করায় সিলেটের বিশ্বনাথ-রামপাশা-সিঙ্গেরকাছ সড়কে ছোট-বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। এতে এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে বিশ্বনাথ উপজেলার প্রায় ৮০ হাজার মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন। এ অবস্থায় এলাকাবাসী দ্রুত সড়কটি স্থায়ীভাবে সংস্কার করার দাবি জানিয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলার চারটি ইউনিয়নের (রামপাশা, লামাকাজী, খাজাঞ্চী, দৌলতপুরের একাংশ) মানুষের যাতায়াতের একমাত্র সড়ক এটি। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার মানুষও রাস্তাটি ব্যবহার করেন। এ ছাড়া ছাতকের দুটি বড় সিমেন্ট কারখানার ভারী যানবাহনও এই সড়ক দিয়ে চলাচল করে। সড়কটির দুরবস্থার কারণে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে রোগী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৩ কিলোমিটার দীর্ঘ এই সড়কের প্রথম ছয় কিলোমিটার (বিশ্বনাথ-রামপাশা) সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এবং পরের সাত কিলোমিটার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় পড়েছে। গত বছরের মে মাসে প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে বিশ্বনাথ-রামপাশা অংশের সংস্কারকাজ শেষ করে সওজ। কিন্তু কিছুদিন পরই এই অংশের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হতে থাকে। অপরদিকে রামপাশা-সিঙ্গেরকাছ অংশ সর্বশেষ সংস্কার হয় প্রায় তিন বছর আগে।
এলাকাবাসীর অভিযোগ, সওজ এবং এলজিইডি যথাযথভাবে সংস্কার না করায় সড়কের অবস্থা খারাপ হচ্ছে। যান চলাচল স্বাভাবিক রাখার জন্য সওজ এবং এলজিইডি কর্তৃপক্ষ ইট, খোয়া ও বালু ফেলে একাধিকবার গর্তগুলো ভরাট করেছে। কিন্তু ওই কাজ যথাযথভাবে না করায়¦বর্ষা মৌসুমে গর্তগুলো আবার আগের অবস্থায় ফিরে আসে। বৃষ্টির পানি জমে থাকায় গর্তের আকার ও সংখ্যা বাড়তে থাকে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়কের দুই পাশে আটটি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাধ্যমিক বিদ্যালয়, একটি কলেজ, দুটি মাদ্রাসা, অসংখ্য মসজিদ, মৎস্য ও কৃষি খামার আছে। সড়কের দুরবস্থার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থী এবং মৎস্য ও কৃষি খামারের লোকজন চরম ভোগান্তি পোহাচ্ছেন।
সিঙ্গেরকাছ এলাকার বাসিন্দা ও বিশ্বনাথ ডিগ্রি কলেজের শিক্ষার্থী তাহমিনা বেগম ও খালেদ মিয়া বলেন, সড়কের জীর্ণদশার কারণে নির্দিষ্ট সময়ের অনেক আগে বাড়ি থেকে বের হতে হয়। যান চলাচলের ক্ষেত্রে নিয়মিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়াও দিতে হয়।
বিশ্বনাথ-জগন্নাথপুর বাস-মিনিবাস সমিতির সভাপতি ফজর আলী বলেন, অসংখ্য গর্তের কারণে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শুধু এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে জীবনের ঝুঁকি নিয়ে যান চলাচল স্বাভাবিক রেখেছেন চালকেরা। তবে দ্রুত সড়কটির সংস্কারকাজ না হলে যেকোনো সময় যান চলাচল বন্ধ হয়ে যাবে। এ ছাড়া এবড়োখেবড়ো এই সড়ক দিয়ে চলাচল করার কারণে গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে।
রামপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার খান ও দৌলতপুর ইউপির চেয়ারম্যান আব্বাস আলী বলেন, অসংখ্য গর্ত থাকায় বর্তমানে এই সড়ক দিয়ে অটোরিকশা, ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য ছোট যানবাহন কম চলাচল করে। দ্রুত স্থায়ীভাবে সড়কটির সংস্কারকাজ করা প্রয়োজন।
সওজ সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম বলেন, তিনি এখানে নতুন এসেছেন। এ ব্যাপারে খোঁজ নিয়ে শিগগিরই ব্যবস্থা নেবেন। উপজেলা প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকী বলেন, সড়কটি স্থায়ীভাবে মেরামতের প্রস্তাব এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। ওই প্রস্তাব অনুমোদন হলেই সংস্কারকাজ শুরু করা হবে।