সড়কদ্বীপের দখল ঠেকাতে বাগান

আগে যেখানে চায়ের কেটলির ফুটন্ত পানির বাষ্প উড়ত, লোকজন আড্ডা দিত, এখন সেখানে বৃষ্টির পানি পেয়ে অনেকগুলো চারাগাছ তরতর করে বেড়ে উঠছে। হাসনাহেনা, কামিনী আর বেলি ফুল মৃদু বাতাসে দুলে দুলে ঘ্রাণ ছড়াচ্ছে। নয়নতারা, জবা, চেরি, ঘাসফুল, টগর, গোলাপসহ নানা ফুল ফুটে আছে। কলমের ছোট্ট পেয়ারাগাছে পেয়ারা ধরেছে।
এমন দৃশ্যের দেখা মিলবে পান্থপথ ট্রাফিক সংকেত মোড়ের পূর্ব পান্থপথ ও বীরউত্তম কাজী নুরুজ্জামান সড়কের সড়কদ্বীপে। তিন মাস আগেও স্থানটি চায়ের দোকান আর ভবঘুরে লোকের দখলে ছিল। এখন সেটা নানা রকম ফুল, ফল, সবজি আর ঔষধি গাছে ভরে আছে।
গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সড়কদ্বীপ থেকে প্রায় ৩০টি চায়ের দোকান তুলে দেয়। তারপর মেহেদী হসানের উদ্যোগে এলাকার ১২ জন তরুণ সেখানে বাগান করার পরিকল্পনা করেন।
গতকাল সোমবার সেখানে গিয়ে দেখা যায়, সড়কদ্বীপের বেশির ভাগ জায়গায় বাগান করা হয়েছে। বাগানের চারধারে বাঁশের খুঁটি বসিয়ে বেড়া দেওয়া হয়েছে। বেড়া বেয়ে উঠছে লতানো সবজির ডগা। বাগানের কাছে যেতেই নাকে আসে ফুলের ঘ্রাণ।
ছেলেকে নিয়ে সড়ক বিভাজকের পাশের ফুটপাত দিয়ে বাসায় ফিরছিলেন সুমনা রায়হান। বাগান সম্পর্কে তিনি বলেন, ‘আগে এখানে চায়ের দোকানের হট্টগোল থাকত, এখন বাগান হয়েছে। এপাশ দিয়ে হাঁটাচলা করলে ফুলের ঘ্রাণ পাই, তখন ভালো লাগে।’
সড়কদ্বীপের এই বাগানে আছে আলমন্ডা, ক্যাকটাস, দেশি-বিদেশি টগর ও জবা, পাতাবাহার, চায়না বট, নিম, বাসক, পেয়ারা, আম, পেঁপে, মরিচ, রঙ্গন, পাথরকুচি, বকুল, কৃষ্ণচূড়া, স্পাইডার লিলি, আনারস, বেল, দোলনচাঁপা, জাম্বুরা, সফেদা, সন্ধ্যামালতীসহ প্রায় ৫০ প্রজাতির গাছ।
বাগান পরিচর্যার দায়িত্বে আছেন এলাকার ১২ জন স্বেচ্ছাসেবী তরুণ। গাছের গোড়ার মাটি আলগা করা, পানি ও বেড়া দেওয়া, বাগান বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কিটনাশক ছিটানো—সব কাজ তাঁরা করছেন। স্বেচ্ছাসেবীরা জানান, বাগানে আলোকসজ্জার ব্যবস্থাও আছে। সন্ধ্যায় হালকা সাদা আলোয় ছেয়ে থাকে পুরো প্রাঙ্গণ।