
সড়কবাতির খুঁটিতে বাতি জ্বলে না। বাতির বক্সে পাখির বাসা। সিলেট নগরের উপশহরের একজন বাসিন্দা শাহজালাল সেতুর প্রথম সারির একটি সড়কবাতির অবস্থা এ রকম দেখিয়ে বলেন, পাখির বাসা দেখেই বোঝা যায় এখানে কত দিন হাত পড়ে না।
সিলেট নগরের আয়তন ২৬ দশমিক ৮০ বর্গকিলোমিটার। রাতে নগরকে আলোকিত করতে রয়েছে মাত্র ১২ হাজার বাতি। এসব সড়কবাতি প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল বলে নগরবাসী জানিয়েছেন। এর মধ্যে আবার সড়কবাতি নিয়ে একধরনের অরাজকতার মধ্যে রয়েছে। অধিকাংশই নষ্ট হয়ে যাওয়ায় আলোপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী। আবার কোনো কোনোটি দেখা গেছে ভেঙে পড়েছে।
সেনপাড়া এলাকার বাসিন্দা কলেজশিক্ষক আবুল হাশিম বলেন, ‘অনেক সড়কবাতির আলোর উজ্জ্বলতা না থাকায় পথ চলতে কষ্ট হয়। অন্ধকারের সুযোগ নিয়ে অপরাধীরা চুরি-ছিনতাই করছে। অনেক বাতি নিবু নিবু অবস্থায় নামমাত্র জ্বলছে।’
সরেজমিনে দেখা গেছে, নগরের খুলিয়াপাড়া, শেখঘাট, লামাবাজার, রিকাবীবাজার, চৌহাট্টা এলাকার ভিআইপি রোডে সড়কবাতি থেকে নিবু নিবু আলো জ্বলছে। মীরের ময়দান ও পুলিশ লাইনস এলাকায় খুঁটি আছে, কিন্তু বাতি নেই। গত চার মাস আগে এক ঝড়ে সুরমা নদীর ওপর স্থাপিত শাহজালাল সেতুর বৈদ্যুতিক খুঁটির অধিকাংশই ভেঙে পড়লেও এখন পর্যন্ত সেসব মেরামত করা হয়নি।
সম্প্রতি রাতে ঘুরে দেখা গেছে, নগরের উপশহর, শিবগঞ্জ, সোনারপাড়া, রায়নগর, বাগবাড়ি, সাগরদিঘিরপার, পিরমহল্লা, চৌখিদিঘি, ইলেকট্রিক সাপ্লাই, কালীবাড়ি, সুবিদবাজার, বনকলাপাড়া, নবাব রোড, দক্ষিণ সুরমা, ঝালোপাড়া, বালুচর, শাপলাবাগ, যতরপুর, কামালগড়, ছড়ারপার, লালদিঘিরপার, বিলপাড়, পাঠানটোলা, তারাপুর, লামাপাড়া, ভার্থখলাসহ অন্তত দেড় শতাধিক পাড়া-মহল্লায় পর্যাপ্ত সড়কবাতি নেই।
সিটি করপোরেশন জানিয়েছে, নগরে বর্তমানে ১২ হাজার সড়কবাতি রয়েছে। এর মধ্যে চার হাজার এনার্জি বাল্ব এবং আট হাজার টিউবলাইট। দুই বছর আগেও বাতির সংখ্যা ছিল মাত্র ৮০০। পর্যায়ক্রমে নগরের অন্ধকারাচ্ছন্ন বিভিন্ন পাড়া-মহল্লায় সড়কবাতি লাগানোর কাজ শুরু করা হবে। কাগজে-কলমে ১২ হাজার বাতির কথা বলা হলেও বাস্তবে এসবের অনেকগুলোই যে অকেজো হয়ে দুরবস্থায় রয়েছে, সেটাও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা স্বীকার করেছেন।
সিটি করপোরেশনের প্রকৌশল শাখার কর্মকর্তাদের দাবি, অনেক সময় ঝড়-তুফান হলে বাতি অকেজো হয়ে পড়ে।
করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, সড়কবাতি স্থাপন করতে সিটি করপোরেশনের বিশেষ কোনো উদ্যোগ বা প্রকল্প শিগগির নেওয়া হচ্ছে না। তবে সড়কবাতি সংস্কার ও বদল প্রক্রিয়ার নিয়মিত কাজ চলমান রয়েছে।