
রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরের জসীমউদ্দীন অ্যাভিনিউতে রাস্তা-ফুটপাত দখল করে বসছে অবৈধ বাজার। সেক্টরের ভেতরের বেশির ভাগ সড়কই ভাঙাচোরা। ময়লা-আবর্জনা পড়ে বন্ধ হয়ে গেছে পানিনিষ্কাশনের নালা। এখন সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যাচ্ছে।
এলাকা ঘুরে দেখা গেল, জসীমউদ্দীন অ্যাভিনিউর কমিউনিটি পুলিশিং ইউনিট-২-এর কার্যালয়ের পাশে সড়ক-ফুটপাত দখল করে বাজার বসেছে। ফলমূল, শাকসবজি থেকে শুরু করে মাছ, মাংসসহ সবই বিক্রি হচ্ছে। চৌকির ওপরে ত্রিপল টানিয়ে অনেকটা স্থায়ীভাবে বসেছে দোকানগুলো। শুধু দোকানই নয়, কমিউনিটি পুলিশের শাখা কার্যালয়টিও গড়ে উঠেছে ফুটপাতের ওপর।
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, কিছুদিন আগে এসব দোকান উচ্ছেদ করা হয়েছিল। সে সময় উচ্ছেদ হওয়া দোকানের কাঠ, বাঁশ, চৌকির ভাঙা অংশ নালায় ফেলে দেওয়া হয়। ময়লা-আবর্জনার সঙ্গে এসব মিশে পানিনিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। উপচানো ময়লা রাস্তায় এসে পড়ে।

রাস্তায় বসা চার দোকানির সঙ্গে কথা বলে জানা যায়, এক মাস আগে একবার দোকানগুলো উচ্ছেদ করা হয়। কয়েক দিন পর দোকানগুলো আবার বসতে শুরু করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে কিছু বলেনি।
দোকানের সামনের রাস্তা দিয়ে স্কুলপড়ুয়া দুই মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন এ সেক্টরের বাসিন্দা রেহানা আকতার। বললেন, এই সেক্টরের রাস্তাগুলো হাঁটার জন্য নয়। এগুলো ব্যবহার করা হচ্ছে বাজার বসানো আর নির্মাণসামগ্রী রাখার জন্য। ফুটপাত দিয়ে হাঁটাচলার কোনো উপায় নেই। এসব দেখারও কেউ নেই।
উত্তরা ১ নম্বর সেক্টরটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ নম্বর অঞ্চলের অন্তর্ভুক্ত। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা শাহ্ আলম বলেন, কিছুদিন আগে দোকানপাট উচ্ছেদ করা হয়েছিল। ওই সময় ড্রেনগুলো পরিষ্কার রাখার জন্য বলা হয়েছিল। এখন আবার দরকার হলে পরিষ্কার করা হবে।
দেখা যায়, ৯ নম্বর রোডে উত্তরা ক্লাবের বর্ধিতাংশের নির্মাণকাজ চলছে। সড়ক ও ফুটপাতে ভূগর্ভ থেকে তুলে আনা মাটি ফেলে রাখা হয়েছে। ক্লাবের মূল ফটকের উল্টো পাশে ফুটপাতের ওপরে ইট, রড, বালুসহ বিভিন্ন নির্মাণসামগ্রী। ক্লাবের বাইরে সীমানা দেয়াল ঘেঁষে ময়লা-আবর্জনা।
কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা বলেন, উত্তরা ক্লাবের নির্মাণসামগ্রী রেখে ড্রেনে পানি যাওয়ার পথ কন্ধ করে দিচ্ছে। ক্লাবের বাইরে গ্রিল দিয়ে ফুটপাতের ওপরে ময়লা-আবর্জনা ফেলছে। এর পাশাপাশি কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের আনা-নেওয়ার জন্য কয়েক শ গাড়ি রাস্তায় দাঁড়িয়ে থাকছে। এতে রাস্তাগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে।
রাস্তায় নির্মাণসামগ্রী রাখার ব্যাপারে উত্তরা ক্লাবের পক্ষ থেকে বলা হয়, নির্মাণকাজ চলায় জনগণের চলাচলে কিছু সমস্যা হচ্ছে। ক্লাবের পক্ষ থেকে জনগণের দুর্ভোগ যাতে কম হয়, সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আর ক্লাবের বাইরে রাখা ময়লা ঢেকে রাখা হচ্ছে এবং পরিচ্ছন্নতাকর্মীরা নিয়মিত সেগুলো পরিষ্কার করেন।
সেক্টরের ১ থেকে শুরু করে ১৫ নম্বর সড়কের প্রায় প্রতিটিই ভাঙাচোরা। ঢালাই উঠে গিয়ে জায়গায় জায়গায় গর্ত তৈরি হয়েছে। এর মধ্যে ১, ৪, ৬, ৮ ও ১৫ নম্বর রোডের অবস্থা বেশি খারাপ। সেক্টরের পশ্চিম পাশের ভেতরের ছোট সড়কগুলোতে তৈরি হয়েছে গর্ত। কয়েকটি সড়কের ওপরে ইট-সুরকি রাখা হয়েছে। আর সেক্টরের প্রতিটি সড়কের ওপরেই আছে নির্মাণাধীন ভবনের সামগ্রী।
উত্তরা ১ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, এপ্রিলে সিটি করপোরেশন নির্বাচনের আগে এলাকার যে অবস্থা ছিল, এখন তার চেয়ে খারাপ হয়েছে। রাস্তার দুই পাশের পানিনিষ্কাশনের নালাগুলো বন্ধ হয়ে আছে। সেক্টরের ভেতরের ছোট রাস্তাগুলো দিয়ে সর্বোচ্চ পাঁচ টনের যানবাহন চলার কথা কিন্তু হরহামেশা ১৫ টনের ট্রাক চলে রাস্তাগুলো দ্রুত নষ্ট করছে।