সড়কে আমের বাজার, যান চলাচল ব্যাহত
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন শহরে সড়কে অস্থায়ী আমের বাজার বসিয়েছে পৌরসভা। রেল স্টেশনের পাশে সান্তাহার-নওগাঁ সড়কের ওপর আমের বাজার বসানোর কারণে যান চলাচল ব্যাহত ও দোকানিদের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভ্যানচালক সিরাজুল ইসলাম বলেন, এই সড়কে সিএনজিচালিত অটোরিকশা, টেম্পো, ব্যাটারিচালিত টমটমের স্ট্যান্ড থাকলেও ভ্যানচালকদের জন্য কোনো স্ট্যান্ড নেই। এ কারণে ভ্যান চালকেরা ফুটপাতে অবস্থান নিয়ে থাকেন। পৌরসভা ফুটপাতসহ সড়কে আমের বাজার বসানোর কারণে এখন ভ্যান রাখার কোনো জায়গা নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক দোকানের মালিক বলেন, তাঁরা পৌর কর দিয়ে ব্যবসা করে আসছেন। অথচ সামান্য কিছু টাকার জন্য পৌর মেয়র তাঁদের দোকানের সামনে আমের বাজার বসানোয় তাঁদের ব্যবসা-বাণিজ্যের সমস্যা হচ্ছে।
আমের বাজার বসানোর বিষয়ে জানতে চাইলে সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন বলেন, সাধারণত সন্ধ্যার পর এই বাজার বসে। মাত্র দেড় মাস এই বাজার চলে। এ কারণে পথচারী বা যানবাহন চলাচলে বড় ধরনের সমস্যা হওয়ার কথা নয়। তবে তিনি স্বীকার করে বলেন, ঢাকাগামী বাস এলে কিছুটা সমস্যা হয়।